দিল্লী -;জাতীয় রাজনীতিতে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে বড় উদ্যোগ নিল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন ‘আসল’ তৃণমূল। তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবসের আগেই রাজধানী দিল্লির কনট প্লেসে স্থায়ী দলীয় কার্যালয় চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলের দাবি, জাতীয় স্তরে সাংগঠনিক বিস্তার ও রাজনৈতিক কার্যকলাপ আরও জোরদার করতেই এই পদক্ষেপ।
মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বকে চ্যালেঞ্জ জানিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ৬০ জনেরও বেশি বিধায়ককে সঙ্গে নিয়ে পৃথক রাজনৈতিক শিবির গঠনের ঘোষণা করেছিলেন। সেই সময় থেকেই তাঁরা নিজেদের ‘আসল’ তৃণমূল বলে দাবি করে আসছেন এবং সংগঠনের কাঠামোতেও একাধিক পরিবর্তন এনেছেন।
এই শিবির ইতিমধ্যেই নতুন জাতীয় কর্মসমিতি গঠন করেছে। দলীয় নেতৃত্বে পরিবর্তন এনে মমতা বন্দ্যোপাধ্যায়কে চেয়ারপার্সনের পদ থেকে সরিয়ে অরূপ রায়কে সেই দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। পাশাপাশি, ‘তৃণমূল’ নাম এবং ‘ঘাসফুল’ প্রতীক ব্যবহারের দাবিতেও আইনি ও নির্বাচনী প্রক্রিয়ায় নিজেদের অবস্থান বজায় রেখেছে এই গোষ্ঠী। যদিও মূল তৃণমূল নেতৃত্ব এই দাবিকে স্বীকৃতি দেয়নি, তবুও বিষয়টি রাজনৈতিক মহলে জোর চর্চার বিষয় হয়ে উঠেছে।




















