দেশ – দেশের রাজনীতিতে নতুন ইতিহাস গড়লেন নরেন্দ্র মোদী। সরকারের প্রধান হিসেবে সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্বে থাকার নজির তৈরি করেছেন তিনি। গুজরাটের মুখ্যমন্ত্রী এবং পরে দেশের প্রধানমন্ত্রী—এই দুই পর্যায়ের অভিজ্ঞতা মিলিয়ে টানা ৮৯৩১ দিন প্রশাসনের শীর্ষে থেকে এক অনন্য মাইলস্টোন স্পর্শ করেছেন মোদী।
এর আগে এই রেকর্ডের অধিকারী ছিলেন পবন কুমার চামলিং। সিকিমের মুখ্যমন্ত্রী হিসেবে তিনি টানা ৮৯৩০ দিন ক্ষমতায় ছিলেন। রবিবার সেই রেকর্ড অতিক্রম করেন মোদী। প্রথমে গুজরাটের মুখ্যমন্ত্রী এবং পরে প্রধানমন্ত্রী হিসেবে তাঁর নিরবচ্ছিন্ন নেতৃত্বই এই সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে।
২০০১ সালের ৭ অক্টোবর গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের মধ্য দিয়ে মোদীর প্রশাসনিক যাত্রা শুরু হয়। এরপর ২০১৪ সালের ২৬ মে দেশের ১৪তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। প্রধানমন্ত্রী হওয়ার আগ পর্যন্তও গুজরাটের মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলেছেন তিনি, ফলে দীর্ঘ সময় ধরে ধারাবাহিকভাবে সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালনের বিরল কৃতিত্ব অর্জন করেছেন।
এই সাফল্যের জন্য তাঁকে অভিনন্দন জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-সহ একাধিক নেতা। তাঁদের মতে, দেশের মানুষের আস্থা, মোদীর নিরলস পরিশ্রম এবং প্রশাসনের প্রতি দায়বদ্ধতাই এই রেকর্ড গড়ার মূল কারণ।




















