দীর্ঘ টানাপড়েনের অবসান, পশ্চিমবঙ্গ পুলিশের নতুন ডিজি হিসেবে দায়িত্ব নিলেন আইপিএস পীযূষ পান্ডে

দীর্ঘ টানাপড়েনের অবসান, পশ্চিমবঙ্গ পুলিশের নতুন ডিজি হিসেবে দায়িত্ব নিলেন আইপিএস পীযূষ পান্ডে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – রাজ্য পুলিশের পরবর্তী ডিরেক্টর জেনারেল অফ পুলিশ বা ডিজি নিয়োগ ঘিরে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটল। বর্তমান ডিজি রাজীব কুমারের মেয়াদ শেষ হওয়ার আগেই পশ্চিমবঙ্গ পুলিশের নতুন শীর্ষ কর্তা হিসেবে আইপিএস অফিসার পীযূষ পান্ডের নাম ঘোষণা করল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী, পীযূষ পান্ডে রাজ্য পুলিশের ডিজি ও আইজি-র ইন-চার্জ হিসেবে দায়িত্ব নিলেন।
রাজ্য সরকারের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৯৯৩ ব্যাচের আইপিএস অফিসার পীযূষ পান্ডে আপাতত পশ্চিমবঙ্গ পুলিশের ডিরেক্টর জেনারেল ও ইনস্পেক্টর জেনারেল হিসেবে দায়িত্ব সামলাবেন। বর্তমান ডিজি রাজীব কুমার, যিনি ১৯৮৯ ব্যাচের আইপিএস অফিসার, আগামী ৩১ জানুয়ারি ২০২৬-এ অবসর গ্রহণ করবেন। তাঁর অবসরের পরপরই, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাজ্য পুলিশের সর্বোচ্চ প্রশাসনিক দায়িত্বে থাকবেন পীযূষ পান্ডে।
উল্লেখ্য, গত কয়েক মাস ধরেই রাজ্য পুলিশের ডিজি পদকে ঘিরে টানাপড়েন চলছিল। বর্তমানে পশ্চিমবঙ্গে কোনও স্থায়ী ডিজি নেই। রাজীব কুমার এতদিন ভারপ্রাপ্ত ডিজি হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন। তবে তাঁর অবসর আসন্ন হওয়ায় স্থায়ী ডিজি নিয়োগের জন্য নবান্ন কেন্দ্রের কাছে সিনিয়র আইপিএস আধিকারিকদের একটি তালিকা পাঠিয়েছিল, যেখানে রাজীব কুমারের নামও অন্তর্ভুক্ত ছিল।
ডিজি নিয়োগের নিয়ম অনুযায়ী, রাজ্য সরকার প্রথমে সিনিয়র আইপিএস অফিসারদের একটি তালিকা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের কাছে পাঠায়। সেখান থেকে ইউপিএসসি তিন জনের নাম বেছে রাজ্যের কাছে পাঠায় এবং পরে সেই তিন জনের মধ্য থেকে একজনকে স্থায়ী ডিজি হিসেবে নিয়োগ করে রাজ্য সরকার। এই তালিকায় রাজীব কুমারের পাশাপাশি ছিলেন মামলাকারী আইপিএস রাজেশ এবং আরও ছয় জন সিনিয়র আইপিএস আধিকারিক—রণবীর কুমার, দেবাশিস রায়, অনুজ শর্মা, জগমোহন, এন রমেশ বাবু ও সিদ্ধিনাথ গুপ্ত।
রাজ্য পুলিশের শেষ স্থায়ী ডিজি ছিলেন মনোজ মালবীয়, যিনি ২০২৩ সালের ডিসেম্বর মাসে অবসর নেন। সেই সময় বিধি অনুযায়ী রাজ্য পুলিশের আট জন সিনিয়র আইপিএস অফিসারের নাম প্রস্তাবিত তালিকায় পাঠানো হয়েছিল। ওই তালিকায় রাজীব কুমারের নাম থাকলেও পীযূষ পান্ডের নাম ছিল না। ফলে বর্তমানে তাঁকে ভারপ্রাপ্ত ডিজি হিসেবেই দায়িত্ব দেওয়া হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।
এর আগে স্থায়ী ডিজি নিয়োগের জন্য রাজ্য সরকার একটি প্যানেল পাঠালেও আইনি জটিলতার কারণে সেই প্রক্রিয়া সম্পন্ন হয়নি। ইউপিএসসি জানায়, বিধি অনুযায়ী পূর্ববর্তী স্থায়ী ডিজির অবসরের অন্তত তিন মাস আগে প্রস্তাবিত নামের তালিকা পাঠানো প্রয়োজন ছিল। কিন্তু রাজ্য সরকার সেই তালিকা পাঠায় ২০২৩ সালের ২৭ ডিসেম্বর, যা নির্ধারিত সময়সীমার বাইরে ছিল। সেই কারণেই প্যানেলটি ফেরত পাঠানো হয়।
সব মিলিয়ে, দীর্ঘ প্রশাসনিক জটিলতার পর আপাতত রাজ্য পুলিশের শীর্ষপদে দায়িত্ব নিলেন পীযূষ পান্ডে। স্থায়ী ডিজি নিয়োগের বিষয়টি ভবিষ্যতে কোন পথে এগোয়, সেদিকেই এখন নজর প্রশাসনিক মহলের।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top