
নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর, ১৫ জানুয়ারি, একসময় বেড ছিল রোগী ভর্তির ব্যবস্থাও ছিল, সেকারনে হাসপাতালে চিকিৎসক, নার্স, চতুর্থ শ্রেণির কর্মী, ঝাড়ুদার ও রাঁধুনি সহ সকলের থাকার জন্য ব্যবস্থা ছিল কোয়ার্টারে। কিন্তু প্রায় দীর্ঘ ২০ বছর ধরে সেই কোয়ার্টারগুলি বর্তমানে ভগ্নদশায়, পড়ে নষ্ট হচ্ছে।এমনই চিত্র চন্দ্রকোনা ২ নং ব্লকের ভগবন্তপুর ২ নং গ্রাম পঞ্চায়েতের ভগবন্তপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের স্টাফ কোয়ার্টারগুলির।
২ একর ৫৪ ডেসিমাল জায়গার উপর তৈরি ওই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রেটিতে ২০০০ সাল পর্যন্ত ১০ সংখ্যা বেডের সুবিধা থাকলেও বর্তমানে তা উঠে গিয়ে শুধুৃমাত্র বর্হিবিভাগ চালু রয়েছে এমনটাই জানান স্টাফ থেকে স্থানীয়রা।বর্তমানে ১ জন ডাক্তার, ফার্মাসিস্ট ১ জন,নার্স ১ জন ও ২ জন চতুর্থ শ্রেণির কর্মী সহ মোট ৫ জন স্টাফ রয়েছে দীর্ঘ পুরানো ওই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে কিন্তু তাদের থাকার জন্য নেই কোনও কোয়ার্টার,বাড়ি থেকেই নিত্য যাতায়াত করতে হয়।
দেখা গিয়েছে, পুরানো স্টাফ কোয়ার্টারগুলি ভেঙে ভেঙে পড়ছে,ওই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের বিশালাকার জায়গায় জুড়ে বাউন্ডারি ওয়াল না থাকায় ভাঙ্গা কোয়ার্টারগুলিতে নানান অসামাজিক কাজকর্মও চলে বলে অভিযোগ।কয়েকবছর আগেই ভগবন্তপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে কোনও ডাক্তারই ছিলোনা একজন ফার্মাসিস্ট সবকিছুই চালাতো বর্তমানে একজন ডাক্তার নিযুক্ত রয়েছে এবং প্রত্যহ ১৮০-২০০ জনের রোগীর চাপ নিয়ে ওই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রেটি সুন্দর ভাবে চললেও বাউন্ডারি ওয়াল দিয়ে ঘিরে দ্রুত প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ভগ্ন কোয়ার্টারগুলি নতুন করে গোড়ে তোলার দাবি স্থানীয় থেকে কর্মীদের।



















