দুই বাংলায় ঝড়-বৃষ্টির দাপট, মঙ্গলবার পর্যন্ত দুর্যোগের পূর্বাভাস

দুই বাংলায় ঝড়-বৃষ্টির দাপট, মঙ্গলবার পর্যন্ত দুর্যোগের পূর্বাভাস

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – দুই বাংলার একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়, বৃষ্টি ও শিলাবৃষ্টির দাপট অব্যাহত। তারই প্রভাব পড়েছে কলকাতা-সহ সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আজ কিছুটা কমলেও দুর্যোগ পুরোপুরি কাটছে না, বরং আগামী কয়েকদিন ফের বাড়তে পারে ঝড়-বৃষ্টির প্রভাব।
রবিবার দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সোমবার থেকে পরিস্থিতি আবারও বদলাতে পারে। বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় ঝড়-বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। মঙ্গলবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের তীব্রতা বৃদ্ধি পাবে বলে পূর্বাভাস।
আবহাওয়া দপ্তরের মতে, ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। আগামী ৪৮ ঘণ্টায় ঝড়-বৃষ্টির কারণে তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত কমতে পারে। তবে এরপর ধীরে ধীরে ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা কমলেও আর্দ্রতাজনিত অস্বস্তি দিনের বেলায় বজায় থাকতে পারে।
এই পরিস্থিতির মূল কারণ হিসেবে আবহাওয়াবিদরা জানাচ্ছেন, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশ অঞ্চলের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, যার প্রভাবেই রাজ্য জুড়ে এই অস্থির আবহাওয়া চলছে।
অন্যদিকে উত্তরবঙ্গ-এও দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় রয়েছে। বিশেষ করে কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এখানে দমকা হাওয়ার গতি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার পর্যন্ত এই দুর্যোগপূর্ণ পরিস্থিতি বজায় থাকতে পারে। এরপর ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top