
নিজস্ব সংবাদদাতা, মালদা, ২৪ এপ্রিল, স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে দুই বছরের পুত্র সন্তানকে নিয়ে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করল মা। দেশজুড়ে চলা লকডাউন পরিস্থিতিতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে মালদার ইংরেজবাজার থানার হাই স্কুল যদুপুর এলাকায়। জানা গেছে ওই গৃহবধূর নাম লিজা খাতুন, বয়স ১৮। পরিবার সূত্রে জানা যায় গত তিন বছর আগে ইংরেজবাজার থানার যদুপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ইসলামপুর গ্রামের বাসিন্দা নাসির সেখের সাথে বিয়ে হয় লিজা খাতুনের।
মৃতা গৃহবধূর মা লাইলি বিবির অভিযোগ, বিয়ের পর থেকেই বিভিন্ন কারণে মেয়ের উপর অত্যাচার করত জামাই এবং শ্বশুরবাড়ির লোকজন। এই লকডাউন পরিস্থিতিতে বাপের বাড়ি থেকে এক লক্ষ টাকা নিয়ে আসার জন্য চাপ দিতে থাকে নাসির শেখ। এই নিয়ে প্রতিদিনই ঝামেলা লেগে থাকত তাদের মধ্যে। সেঈ অত্যাচার সহ্য করতে না পেরে শুক্রবার সকালে স্থানীয় রেললাইনে ওই গৃহবধূ তার দুই বছরের পুত্র সন্তানকে নিয়ে ঝাঁপ দেয় বলে। ঘটনাস্থলেই মারা যায় ওই গৃহবধূ এবং পুত্রসন্তান। পরে খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ দুটি উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠাই। এদিকে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা যদুপুর অঞ্চল জুড়ে। এই ঘটনার পর পলাতক অভিযুক্ত গৃহবধূর স্বামী এবং শ্বশুরবাড়ির লোকজন।



















