টি ২০ বিশ্বকাপের ম্যাচে দুবাইয়ে ভারতের বিরুদ্ধে টস জিতে ফিল্ডিং নিল পাকিস্তান। যদিও টস জিতলে তিনিও বোলিং নিতেন বলেই জানিয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। ভারতীয় দলে এদিন সুযোগ পাননি রবিচন্দ্রন অশ্বিন, রাহুল চাহার, ঈশান কিষাণ ও শার্দুল ঠাকুর। পাকিস্তানের ১২ জনের দল থেকে বাদ পড়েছেন হায়দার আলি।
টস জিতে বাবর আজম বলেন, শুরুর দিকে কয়েকটি উইকেট তুলে নিয়ে ভারতকে চাপে ফেলাই লক্ষ্য। ডিউ ফ্যাক্টরের কথা ভেবেই প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত বলে জানান বাবর। দলের প্রস্তুতিতেও আত্মবিশ্বাসী তিনি। এই প্রথম টি ২০ বিশ্বকাপে বিরাট কোহলি ও বাবর আজম পাকিস্তানকে নেতৃত্ব দিচ্ছেন।
এদিন টসের সময় কয়েন তোলেন বিরাট, টেল কল করেন বাবর। বিরাটের কথায়, আমাদেরও প্রথমে বোলিংয়ের পরিকল্পনা ছিল। কিন্তু টস কারও হাতে নেই। তবে পরিস্থিতি অনুযায়ী খেলার জন্য আমাদের দলে যথেষ্ট ভারসাম্য রয়েছে।
আজ ম্যাচের আগে প্রস্তুতিতে দেখা যায়নি বরুণ চক্রবর্তীকে। যদিও রবিচন্দ্রন অশ্বিন ও রাহুল চাহার বল করছিলেন। পরে তাঁদের সঙ্গে যোগ দেন রবীন্দ্র জাদেজা। কিন্তু প্রথম দুজনকে প্রথম একাদশের বাইরেই রেখেছে ভারত। প্রস্তুতি ম্যাচে ভুবনেশ্বর কুমার ছন্দে না থাকলেও তাঁর অভিজ্ঞতার উপরই আস্থা রেখেছে টিম ম্যানেজমেন্ট।
যদিও ভারতের বোলিং কম্বিনেশনে পর্যাপ্ত অপশন রয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন থাকছেই। বিশেষ করে হার্দিক পাণ্ডিয়া যদি বোলিং করতে না পারেন তাহলে কীভাবে পরিস্থিতি বিরাট সামাল দেন সেটাই দেখার। তবে মাত্র পাঁচ বিশেষজ্ঞ বোলার নিয়ে খেলতে নামা ভারতের ক্ষেত্রে ঝুঁকি হয়ে গেল বলেও মনে করছেন অনেকে।
পাকিস্তান দল নিয়েও প্রশ্ন থাকছে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই বলছেন, আসিফ আলির জায়গায় খেলানো উচিত ছিল হায়দারকে। মহম্মদ হাফিজ ও শোয়েব মালিকের মতো অভিজ্ঞ প্রাক্তন অধিনায়করাও পাকিস্তানের হয়ে বাজিমাত করতে পারেন বলে আশায় পাক ক্রিকেট মহল। ভারতের শক্তিশালী ব্যাটিং লাইন আপের বিরুদ্ধে পাকিস্তানের বোলিংও বড় পরীক্ষার মুখে পড়তে চলেছে।
আর ও পড়ুন তৃতীয়বার ক্ষমতায় আসার পর প্রথম পাঁচদিনের উত্তরবঙ্গ সফরে গেলেন মুখ্যমন্ত্রী
ভারত-
লোকেশ রাহুল, রোহিত শর্মা, বিরাট কোহলি (অধিনায়ক), সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ (উইকেটকিপার), হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, বরুণ চক্রবর্তী, মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ
পাকিস্তান-
বাবর আজম (অধিনায়ক), মহম্মদ রিজওয়ান (উইকেটকিপার), ফখর জামান, মহম্মদ হাফিজ, শোয়েব মালিক, আসিফ আলি, শাদাব খান, ইমাদ ওয়াসিম, হাসান আলি, হ্যারিস রউফ, শাহিন শাহ আফ্রিদি



















