রাজ্য – উত্তর কলকাতার গঙ্গাতীরবর্তী ঘাটগুলির সঙ্গে জড়িয়ে রয়েছে শহরের দীর্ঘ ইতিহাস ও ঐতিহ্য। একেকটি ঘাটের নিজস্ব বৈশিষ্ট্য যেমন রয়েছে, তেমনই ঘাটের উল্টো দিকের পুরনো বাড়িঘর ও আশপাশের এলাকার সঙ্গে মিলেমিশে তারা বহন করে চলেছে কলকাতার অতীতের সাক্ষ্য। সেই ঐতিহ্যের অন্যতম কুমারটুলি ঘাট। এবার দুর্গাপুজোর আগেই আমূল বদলে যেতে চলেছে এই ঐতিহ্যবাহী ঘাটের চেহারা।
প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে গঙ্গার পাড়ের কুমারটুলি ঘাট এবং সংলগ্ন প্রায় ৩০০ মিটার এলাকা নতুন করে সাজিয়ে তোলার কাজ চলছে। প্রকল্পটির দায়িত্বে রয়েছে আদানি গোষ্ঠী। প্রশাসন সূত্রে খবর, সবকিছু পরিকল্পনামাফিক এগোলে আগামী ২৪ সেপ্টেম্বর নতুন রূপে সেজে ওঠা ঘাটের উদ্বোধন হতে পারে। উদ্বোধনী অনুষ্ঠানে আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানির উপস্থিত থাকার কথাও রয়েছে।
কুমারটুলি থেকে চাঁপাতলা ঘাট পর্যন্ত এলাকায় তৈরি করা হচ্ছে প্রশস্ত ওয়াকওয়ে। পাশাপাশি থাকছে বসার জায়গা, ফুড পার্ক এবং পৃথক বোটিং জোন। পর্যটকদের আকর্ষণ বাড়াতে ঘাট সংলগ্ন এলাকায় আরও নানা সুযোগ-সুবিধা গড়ে তোলা হচ্ছে। এর পাশাপাশি কুমারটুলির মৃৎশিল্পীদের জন্য তৈরি হচ্ছে আধুনিক প্রদর্শনশালা।
প্রস্তাবিত প্রদর্শনশালায় সারা বছর কুমারটুলির শিল্পীদের তৈরি প্রতিমা এবং বিভিন্ন মৃৎশিল্প প্রদর্শনের ব্যবস্থা থাকবে। এর ফলে শিল্পীদের কাজের জন্য নতুন বাজার তৈরি হওয়ার পাশাপাশি দেশ-বিদেশের পর্যটকদের কাছেও কুমারটুলির আকর্ষণ আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। দুর্গাপুজোর আগে নতুন সাজে কুমারটুলি ঘাট আত্মপ্রকাশ করলে উত্তর কলকাতার গঙ্গাতীরবর্তী এই ঐতিহ্যবাহী এলাকায় পর্যটনের নতুন দিগন্ত খুলতে পারে বলেই আশা করা হচ্ছে।




















