নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুর,১৯ই আগস্ট :দুর্গাপুরের কমলপুরে ডায়রিয়ার প্রকোপ। মৃত দুই। হাসপাতালে চিকিৎসাধীন ১২। আক্রান্ত প্রায় ৫০জন। গ্রামবাসীদের দাবি গত মাসের শেষের দিক থেকে এলাকার বেশ কয়েক জনের বমি, পায়খানা শুরু হয়। ক্রমে সংখ্যাটা বাড়তে থাকে। চলতি মাসের সাত তারিখ ও তার কয়েকদিন পরে বছর ৫৮-র কার্তিক ভূঁইঞা ও বছর ১৫-র সঙ্গীতা ভুঁইঞার মৃত্যু হয়।

এরপরই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। অন্যদিকে রবিবার ডায়রিয়া প্রকোপের খবর পেয়ে তড়িঘড়ি এলাকায় মেডিক্যাল ক্যাম্পের ব্যবস্থা করেন তৃণমূলের জেলা কর্যকরী সভাপতি উত্তম মুখার্জী। বিশুদ্ধ পানীয় জল বিতরণের ব্যবস্থা করা হয়। ক্যাম্প করে এলাকাবাসীদের জন্য খাওয়াদাওয়ারও ব্যবস্থা করা হয়। খবর পেয়ে এলাকায় পৌঁছন মহকুমা শাসক অনির্বাণ কোলে। খোঁজ খবর নেওয়ার পাশাপাশি সোমবার থেকে এলাকায় সরকারি উদ্যোগে মেডিক্যাল ক্যাম্প ও সচেতনতা শিবিরের ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।

অন্যদিকে এলাকার দু’জনের কি কারণে মৃত্যু হয়েছে তা জানতে মহকুমা স্বাস্থ্য আধিকারিকের কাছে রিপোর্ট তলব করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। অন্যদিকে ওই এলাকায় পুরসভার পানীয় জলের কোনও ব্যবস্থা না থাকায় পুকুর ও কুয়োর জল খেতে বাধ্য হন স্থানীয়রা। ওই পানীয় জল থেকেই এলাকায় ডায়রিয়ার প্রকোপ ছড়িয়েছে বলে অনুমান চিকিৎসকদের।


















