
নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুর, ১লা অক্টোবর : সোমবার নৌকা ডুবির ঘটনায় পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন দনিপুরের ফেরি ঘাটটি বেআইনি ভাবে চলছে। তা নিয়ে ক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। তাদের বক্তব্য এই খেয়া ঘাটের ডাক হয় অমৃতবেড়িয়া গ্রাম পঞ্চায়েত থেকে। আজ দুর্ঘটনা ঘটতেই ঘাট বেআইনি বলছেন মন্ত্রী। দীর্ঘ দিন ধরে এই ঘাটে চলছে পারাপার। মাইকে প্রচার করে ডাক হয় এই ঘাটের। ঘাটে কিংবা নৌকায় নিরাপত্তার কোনো ব্যবস্থা নেই। খেয়া পারাপারের নজরদারির জন্য প্রশাসনের পক্ষ থেকে রাখা হয়েছে জলসাথী সিভিক ভলান্টিয়ার। প্রতিদিনই জীবনের ঝুঁকি নিয়ে মায়াচর থেকে মহিষাদল পর্যন্ত রূপনারায়ণ নদে চলে পারাপার। যদি ঘাটটি বেআইনি হয় তাহলে এতদিন শুভেন্দু বাবু তা বন্ধের ব্যবস্থা করেন নি কেনো। কেনোই বা গ্রাম পঞ্চায়েত থেকে ডাক দিয়ে চলে ফেরি সার্ভিস। দুর্ঘটনার পর টনক নড়েছে প্রশাসনের নাকি নিজেদের গাফিলতি চাপার চেষ্টা। সেটাই প্রশ্ন এখন স্থানীয় বাসিন্দাদের।



















