দুর্নীতির অভিযোগের হেল্পলাইনে ভিড়, তবে অধিকাংশ ফোনই অসংলগ্ন— নবান্নের পর্যবেক্ষণ

দুর্নীতির অভিযোগের হেল্পলাইনে ভিড়, তবে অধিকাংশ ফোনই অসংলগ্ন— নবান্নের পর্যবেক্ষণ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য – দুর্নীতি ও বিভিন্ন বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে সরাসরি অভিযোগ জানাতে গত মঙ্গলবার চারটি বিশেষ টোল-ফ্রি হেল্পলাইন চালু করেছে নবান্ন। কাটমানি, সিন্ডিকেট, বেআইনি টোল আদায় এবং অবৈধ মদের কারবার সংক্রান্ত অভিযোগ গ্রহণের উদ্দেশ্যেই এই উদ্যোগ নেওয়া হলেও, এক সপ্তাহের অভিজ্ঞতায় দেখা যাচ্ছে অধিকাংশ ফোনই নির্ধারিত বিষয়ের সঙ্গে সম্পর্কিত নয়।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, প্রতিদিন গড়ে প্রায় এক হাজার ফোন কন্ট্রোল রুমে আসছে। তবে তার মধ্যে প্রায় ৯০ থেকে ৯৫ শতাংশই অন্য ধরনের অভিযোগ। কেউ বাড়ির সামনে জল জমার সমস্যা, কেউ পানীয় জলের অভাব, বিদ্যুৎ বিভ্রাট, সরকারি প্রকল্পের টাকা না পাওয়া কিংবা পারিবারিক সম্পত্তি সংক্রান্ত বিবাদের মতো বিষয় নিয়েও এই নম্বরে ফোন করছেন। ফলে প্রকৃত অভিযোগের পাশাপাশি অসংলগ্ন ফোন সামলাতে হিমশিম খেতে হচ্ছে কন্ট্রোল রুমের কর্মীদের।

রাজ্য সরকারের পক্ষ থেকে চালু করা চারটি টোল-ফ্রি নম্বরের মধ্যে কাটমানি সংক্রান্ত অভিযোগের জন্য ১৫৫৩৩৪, সিন্ডিকেট সংক্রান্ত অভিযোগের জন্য ১৫৫৩৩৫, বেআইনি রোড ট্যাক্স বা টোল আদায়ের অভিযোগের জন্য ১৫৫৩৩৭ এবং বেআইনি মদের কারবার সংক্রান্ত অভিযোগের জন্য ১৫৫৩৩৯ নম্বর নির্ধারণ করা হয়েছে।

নবান্নের দাবি, কন্ট্রোল রুমে আসা প্রতিটি অভিযোগই সংশ্লিষ্ট দপ্তরের কাছে পাঠানো হচ্ছে। বিশেষ করে নির্ধারিত চারটি বিষয়ে অভিযোগ এলেই তা দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রশাসনের মতে, অনেকেই এখনও এই হেল্পলাইনগুলির উদ্দেশ্য সম্পর্কে স্পষ্ট ধারণা না থাকায় অসংলগ্ন বিষয়েও ফোন করছেন। সাধারণ মানুষের অভিযোগ সরাসরি গ্রহণ এবং প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখতেই এই বিশেষ হেল্পলাইন পরিষেবা চালু করা হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top