দূষণ ও ঘন কুয়াশায় বিপর্যস্ত দিল্লি, আজ থেকে কার্যকর দুই কড়া বিধি

দূষণ ও ঘন কুয়াশায় বিপর্যস্ত দিল্লি, আজ থেকে কার্যকর দুই কড়া বিধি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


দিল্লি – দূষণের সঙ্গে ঘন কুয়াশার জোড়া বিপদে আরও বিপর্যস্ত হয়ে উঠছে রাজধানী দিল্লির জনজীবন। প্রতিদিন ভোর থেকে সকাল পর্যন্ত চার থেকে পাঁচ ঘণ্টা চরম দৃশ্যমানতার অভাবে আতঙ্কের মধ্যে দিয়ে চলাচল করতে হচ্ছে মানুষকে। রাস্তায় নামলেই গাড়িচালকদের মুখে পড়ছে বড়সড় ঝুঁকি, স্বাভাবিক গতি বজায় রাখা কার্যত অসম্ভব হয়ে উঠছে।

এই পরিস্থিতিতে বৃহস্পতিবার থেকে দিল্লিতে কার্যকর হতে চলেছে দুটি নতুন ও কড়া বিধি। দিল্লি রাজ্য সরকারের পরিবেশ দফতরের সিদ্ধান্ত অনুযায়ী, ভারত স্টেজ টু সার্টিফিকেট নেই—এমন কোনও যানবাহন রাজধানীতে ঢুকতে পারবে না। পাশাপাশি, পলিউশন ফ্রি সার্টিফিকেট না থাকলে সংশ্লিষ্ট যানবাহনকে পেট্রোল পাম্প থেকে জ্বালানি দেওয়া হবে না।

দিল্লির পরিবেশ মন্ত্রী মনজিন্দার সিং সিরসা জানিয়েছেন, এই দুটি নিয়ম অত্যন্ত কঠোরভাবে কার্যকর করা হবে। তিনি বলেন, দিল্লিতে মূলত ভারত স্টেজ ফাইভ মানের গাড়ির রেজিস্ট্রেশন হয়। তবে রাজধানীর বাইরে থেকে আসা গাড়ির ক্ষেত্রে ভারত স্টেজ ফোর মান বাধ্যতামূলক। এর নীচের মানের কোনও গাড়িকে দিল্লিতে চলাচলের অনুমতি দেওয়া হবে না।

দিল্লির পরিবেশ দফতর ও পুলিশের রিপোর্ট অনুযায়ী, রাজধানীর বাইরের রাজ্য থেকে আসা গাড়িগুলিই দূষণের অন্যতম বড় কারণ। এই গাড়িগুলির বেশিরভাগই দিল্লির লাগোয়া রাজ্যগুলিতে রেজিস্ট্রেশন করা এবং সেগুলির বড় অংশ ভারত স্টেজ থ্রি মানের। এই ধরনের গাড়ির জন্যই রাজধানীতে দূষণের মাত্রা ক্রমশ বেড়ে চলেছে বলে দাবি প্রশাসনের।

গত কয়েক দিনে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। যানবাহনের ধোঁয়ার সঙ্গে ঘন কুয়াশা মিশে যাওয়ায় দৃশ্যমানতা একেবারে তলানিতে ঠেকেছে। তার জেরে যানবাহন স্বাভাবিক গতিতে চলাচল করতে পারছে না এবং দুর্ঘটনার আশঙ্কাও বেড়েছে।

নয়া বিধি কার্যকর করতে দিল্লি পুলিশ রাজধানীমুখী সমস্ত রাস্তায় চেকিং আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে পেট্রোল পাম্প মালিকদের সতর্ক করে জানানো হয়েছে, ভারত স্টেজ ফোর মান পূরণ না করা কোনও গাড়িকে জ্বালানি সরবরাহ করলে সংশ্লিষ্ট পাম্পের লাইসেন্স বাতিল করা হতে পারে। দূষণ নিয়ন্ত্রণে এই কড়া পদক্ষেপেই পরিস্থিতি কিছুটা সামাল দেওয়া যাবে বলে আশা প্রশাসনের।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top