কলকাতা – আর মাত্র একদিন, তারপরই দোল। রঙের উৎসব ঘিরে শহরে বাড়বে ভিড় ও উদযাপন। যাত্রী নিরাপত্তা ও উৎসবের পরিবেশ বজায় রাখতে দোলযাত্রার দিন কলকাতা মেট্রো পরিষেবায় বড় পরিবর্তনের ঘোষণা করল কর্তৃপক্ষ। মঙ্গলবার সব করিডোরে সীমিত পরিষেবা চলবে এবং অধিকাংশ লাইনে সকাল নয়, দুপুর বা বিকাল থেকে শুরু হবে ট্রেন চলাচল।
Kolkata Metro সূত্রে জানা গিয়েছে, ব্লু লাইনে (দক্ষিণেশ্বর–শহীদ ক্ষুদিরাম) সাধারণত ২৭২টি পরিষেবার বদলে চলবে মাত্র ৬০টি (৩০ আপ + ৩০ ডাউন)। প্রথম ট্রেন দুপুর ২:৩০-এ নোয়াপাড়া থেকে শহীদ ক্ষুদিরাম, শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর এবং দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম রওনা দেবে। শেষ ট্রেনের সময় অপরিবর্তিত থাকবে।
গ্রিন লাইনে (হাওড়া ময়দান–সল্টলেক সেক্টর V) ২২৮টির বদলে চলবে ৪৫টি পরিষেবা (২৩ আপ + ২২ ডাউন)। প্রথম মেট্রো বিকাল ৩:০০-এ হাওড়া ময়দান থেকে সেক্টর V এবং সেক্টর V থেকে হাওড়া ময়দানের উদ্দেশে ছাড়বে। শেষ পরিষেবার সময় অপরিবর্তিত থাকবে।
হলুদ লাইনে (নোয়াপাড়া–জয় হিন্দ বিমানবন্দর) ১২০টির বদলে চলবে ৪৪টি পরিষেবা (২২ আপ + ২২ ডাউন)। প্রথম ট্রেন বিকাল ৩:০০-এ নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দর এবং জয় হিন্দ বিমানবন্দর থেকে নোয়াপাড়ার উদ্দেশে ছাড়বে। শেষ ট্রেনের সময় বদলানো হয়নি।
পিঙ্ক লাইনে (জোকা–মাঝেরহাট) ৮৪টির বদলে চলবে ৩৮টি পরিষেবা (১৯ আপ + ১৯ ডাউন)। প্রথম ট্রেন দুপুর ২:৪০-এ জোকা থেকে মাঝেরহাট এবং বিকাল ৩:০৪-এ মাঝেরহাট থেকে জোকার উদ্দেশে রওনা দেবে। শেষ পরিষেবা অপরিবর্তিত।
অরেঞ্জ লাইনে (কবি সুভাষ–বেলেঘাটা) ৬২টির বদলে চলবে ২৮টি পরিষেবা (১৪ আপ + ১৪ ডাউন)। প্রথম ট্রেন দুপুর ২:৩০-এ কবি সুভাষ থেকে বেলেঘাটা এবং দুপুর ২:০৫-এ বেলেঘাটা থেকে কবি সুভাষের উদ্দেশে ছাড়বে। শেষ পরিষেবার সময় অপরিবর্তিত থাকবে।
মেট্রো কর্তৃপক্ষ যাত্রীদের অনুরোধ করেছে, দোলের দিনে ভ্রমণের পরিকল্পনা আগে থেকে করে নিতে এবং পরিবর্তিত সময়সূচি মাথায় রেখে যাত্রা করতে। উৎসব উপলক্ষে স্টেশনগুলিতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থাও রাখা হবে।



















