দোলের পরই আবহাওয়ার বড় বদল, সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস

দোলের পরই আবহাওয়ার বড় বদল, সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য- দোল ও হোলি উৎসব প্রায় বৃষ্টিহীনভাবেই কেটেছে দক্ষিণবঙ্গ জুড়ে। উৎসবের দিনগুলিতে ভ্যাপসা গরমে নাজেহাল হতে হয়েছে মানুষকে। তবে এবার আবহাওয়ায় বড় পরিবর্তনের ইঙ্গিত দিল হাওয়া অফিস। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। ভারতীয় আবহাওয়া দফতর (IMD) জানিয়েছে, ৭ মার্চ রাত পর্যন্ত রাজ্যে তেমন বৃষ্টির সম্ভাবনা নেই, তবে ৮ থেকে ১০ মার্চের মধ্যে কয়েকটি জেলায় ফের ঝড়বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে। পূর্বাভাস অনুযায়ী আগামী সোমবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে।
আবহাওয়া দফতরের মতে, দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, হুগলি এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এই সময় বঙ্গোপসাগর থেকে বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকবে। এর সঙ্গে নিম্নচাপ অক্ষরেখা বা ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনাও রয়েছে, যার প্রভাবে বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হতে পারে।
এদিকে আবহাওয়া দফতর স্পষ্ট করে জানিয়েছে, এই সপ্তাহ থেকেই কার্যত শীত বিদায়ের পথে। গত কয়েকদিন ধরে যে হালকা ঠান্ডার আমেজ ছিল, তা খুব শিগগিরই পুরোপুরি উধাও হয়ে যাবে। সকালের দিক থেকেই তাপমাত্রা বাড়তে শুরু করবে। ইতিমধ্যে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জায়গায়, বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। কলকাতায় এখনও তাপমাত্রা কিছুটা কম থাকলেও তা ৩২ থেকে ৩৩ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে। তাপমাত্রা বৃদ্ধির ফলে ভূপৃষ্ঠ দ্রুত উত্তপ্ত হচ্ছে, যার কারণে বজ্রগর্ভ মেঘ তৈরির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top