রাজ্য – মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পর থেকেই শিলিগুড়িতে মহাকাল মন্দির নির্মাণকে ঘিরে প্রশাসনিক তৎপরতা বেড়েছে। নতুন বছরের শুরুতেই সেই প্রকল্পের শিলান্যাসের দিনক্ষণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, মকর সংক্রান্তির পর উত্তরবঙ্গ সফরে গিয়ে আগামী ১৬ জানুয়ারি শিলিগুড়ির মহাকাল মন্দিরের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
উল্লেখ্য, ২০২৫ সালের অক্টোবর মাসে প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গে একাধিকবার সফর করেছিলেন মুখ্যমন্ত্রী। সেই সময় দার্জিলিংয়ের মহাকাল মন্দিরে পুজো দেওয়ার পরই শিলিগুড়িতে বাংলার সবচেয়ে বড় মহাকাল মন্দির নির্মাণের ঘোষণা করেন তিনি। দীর্ঘদিন ধরে সেই ঘোষণা বাস্তবায়নের অপেক্ষায় ছিল উত্তরবঙ্গবাসী। নতুন বছরের শুরুতেই শিলান্যাসের দিনক্ষণ ঘোষণা হওয়ায় স্বাভাবিকভাবেই খুশির হাওয়া এলাকায়।
দিনক্ষণ ঘোষণার পর থেকেই প্রস্তাবিত মন্দির চত্বর ঘিরে শুরু হয়েছে জমি পরিষ্কার ও সংস্কারের কাজ। মন্দিরের জায়গা সরেজমিনে খতিয়ে দেখেছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। তিনি জানিয়েছেন, বহু বছর ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে থাকা এই জমিকে নতুনভাবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হচ্ছে। খুব শীঘ্রই শিলিগুড়ি স্টেট গেস্টহাউজে সংশ্লিষ্ট বিভিন্ন দফতর ও স্টেকহোল্ডারদের নিয়ে বৈঠক করা হবে। সেই বৈঠকে মন্দির নির্মাণের রূপরেখা, যোগাযোগ ব্যবস্থা এবং ভবিষ্যতের পরিকাঠামো উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হবে।
প্রসঙ্গত, ২০২৫ সালের ৩০ এপ্রিল দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। সেই বছরের শেষ দিকে নিউটাউনের দুর্গা অঙ্গনের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন তিনি। ওই অনুষ্ঠানেই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, জানুয়ারি মাসেই শিলিগুড়ির মহাকাল মন্দিরের শিলান্যাস করা হবে। সেই ঘোষণাই এবার বাস্তবের পথে এগোল।
এই মহাকাল মন্দিরটি মাটাগাড়ায় মোট ৫৪ বিঘা জমির উপর নির্মিত হবে। মন্দির নির্মাণের জন্য রাজ্য মন্ত্রিসভার অনুমোদন ইতিমধ্যেই মিলেছে। পর্যটন দফতরের অধীনে থাকা এই জমিতে শুধু মন্দিরই নয়, একটি আধুনিক সাংস্কৃতিক কেন্দ্রও গড়ে তোলা হবে বলে আগেই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। প্রশাসনের মতে, এই প্রকল্প বাস্তবায়িত হলে শিলিগুড়ি ও উত্তরবঙ্গের ধর্মীয় পর্যটনে নতুন দিগন্ত খুলে যাবে।




















