নদিয়া – রাজ্যজুড়ে চলমান এসআইআর (SIR) শুনানি পর্বের মধ্যেই নদিয়ার শান্তিপুর পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। অভিযোগ পাওয়া গেছে, বস্তাভর্তি আধার কার্ড, ব্যাঙ্কের নথি এবং পোস্ট অফিসের নথিপত্র পুড়ানো হচ্ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে পরিত্যক্ত একটি জায়গায় এক ব্যক্তি বস্তাভর্তি নথি পুড়াতে দেখা যায়। এতে আধার কার্ড, পোস্ট অফিসের নথি এবং ব্যাঙ্কের নথি ধ্বংস করা হচ্ছিল। বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলেও ওই ব্যক্তি কোনও সন্তোষজনক উত্তর দিতে পারেননি। স্থানীয়দের মধ্যে সন্দেহ তৈরি হয়, কারণ ওই ব্যক্তির ছেলে আগে শান্তিপুর পোস্ট অফিসে কর্মরত ছিলেন, তবে বর্তমানে সেখানে নেই। নথিগুলি তাঁর কাছে কীভাবে এল তা নিয়েও প্রশ্ন উঠেছে।
এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ জানিয়েছেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে প্রশাসন। পুলিশও তদন্ত শুরু করেছে এবং মূল তথ্য সামনে আসবে বলে আশা করা হচ্ছে।




















