নদিয়ায় বিজেপিতে ভাঙন, তৃণমূলে যোগ ২০০-র বেশি পরিবার

নদিয়ায় বিজেপিতে ভাঙন, তৃণমূলে যোগ ২০০-র বেশি পরিবার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


নদিয়া – প্রতি নির্বাচনের আগেই রাজনৈতিক অঙ্কে বদল ঘটে, ঘর ভাঙা-গড়ার খেলায় ব্যস্ত হয়ে ওঠে দলগুলো। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সেই চিত্রই আবার স্পষ্ট নদিয়ায়। ভোটের আবহে বিজেপিতে বড়সড় ভাঙন দেখা দিয়েছে, তৃণমূল কংগ্রেসের প্রার্থীর হাত ধরে ২০০-র বেশি পরিবার যোগ দিয়েছে ঘাসফুল শিবিরে।
জানা গিয়েছে, নদিয়ার শান্তিপুর ব্লকের আরবান্দি দু’নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় এই বড়সড় যোগদান পর্ব অনুষ্ঠিত হয়। রানাঘাট উত্তর-পশ্চিম বিধানসভার তৃণমূল প্রার্থী তাপস ঘোষের সমর্থনে একটি কর্মিসভার আয়োজন করা হয়েছিল। সেই সভাতেই বিজেপি ছেড়ে একাধিক পরিবার তৃণমূলে যোগ দেয়। আরবান্দি দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের ভূতপাড়া, পাবনা পাড়া, দুর্লভপাড়া এবং বাথানগাছি কুষ্টিয়া এলাকা থেকে বিজেপির বহু কর্মী-সমর্থক ও আদিবাসী সম্প্রদায়ের মানুষ এই যোগদান পর্বে শামিল হন।
তৃণমূল প্রার্থী তাপস ঘোষের দাবি, SIR-জনিত সমস্যার কারণে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ হয়রানির শিকার হয়েছেন। পাশাপাশি, একাধিকবার আশ্বাস দেওয়া হলেও এলাকায় কোনও উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি। সেই অসন্তোষ থেকেই বহু মানুষ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। তাঁর মতে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজই মানুষের এই সিদ্ধান্তে বড় ভূমিকা নিয়েছে।
অন্যদিকে, যোগদানকারী কর্মী-সমর্থকদের বক্তব্য, বিজেপি দীর্ঘদিন ধরে উন্নয়নের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তার প্রতিফলন দেখা যায়নি। ফলে তৃণমূল প্রার্থীর নাম ঘোষণার পর থেকেই তাঁরা দলবদলের সিদ্ধান্ত নেন। তাঁদের দাবি, আগামী বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রটি মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেবেন। একইসঙ্গে তৃণমূল প্রার্থী তাপস ঘোষ দাবি করেছেন, এই এলাকায় সংগঠনকে আরও মজবুত করে বিজেপিকে পঞ্চাশ হাজারেরও বেশি ভোটে পরাজিত করা সম্ভব হবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top