কলকাতা: নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা উপনির্বাচন ঘিরে রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ হল। দুই কেন্দ্রে বিজেপির প্রার্থীদের সমর্থনে প্রচারে নামার সিদ্ধান্ত ঘোষণা করেছে এনসিপিআই (NCPI)। নিজেদের NDA-র অন্যতম শরিক দল হিসেবে উল্লেখ করে মঙ্গলবার এই সিদ্ধান্তের কথা জানায় দলটি। দুই আসনেই NCPI-এর নিজস্ব প্রার্থী না থাকায় বিজেপির মনোনীত প্রার্থীদের সমর্থন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলের রাজ্য সভাপতি জ্যোতিপ্রকাশ চট্টোপাধ্যায়।
মঙ্গলবার সাংবাদিক বৈঠকে জ্যোতিপ্রকাশ চট্টোপাধ্যায় জানান, নন্দীগ্রাম ও রেজিনগরে দলের নেতা-কর্মীরা NDA তথা বিজেপির প্রার্থীদের সমর্থনে ভোট প্রচারে অংশ নেবেন। তাঁর বক্তব্য, এই দুই কেন্দ্রে নিজেদের প্রার্থী না থাকায় জোটের রাজনৈতিক অবস্থান অনুযায়ী বিজেপির প্রার্থীদের পাশে থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সাংবাদিক বৈঠকে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও নিজেদের অবস্থান স্পষ্ট করেন NCPI-এর রাজ্য সভাপতি। তাঁর দাবি, বিজেপির পরেই সর্বভারতীয় স্তরে NDA-র বৃহত্তম শরিক দল NCPI। দীর্ঘদিন ধরে কেন্দ্র ও রাজ্যের মধ্যে রাজনৈতিক বিরোধের কারণে সাধারণ মানুষকে সমস্যার মুখে পড়তে হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
জ্যোতিপ্রকাশ চট্টোপাধ্যায়ের কথায়, এখন বিরোধের রাজনীতির পরিবর্তে একসঙ্গে কাজ করার সময় এসেছে। নন্দীগ্রাম ও রেজিনগরের উপনির্বাচনকে সামনে রেখে NCPI-এর এই সিদ্ধান্তে দুই কেন্দ্রে NDA শিবিরের নির্বাচনী সমীকরণে নতুন একটি সহযোগী শক্তি যুক্ত হল।




















