৩ জানুয়ারি, নববর্ষে নবজাতকের সংখ্যায় শীর্ষে ভারত। নববর্ষের দিনে চিনকে হারিয়ে নবজাতকের জন্মে শীর্ষে ভারত। ২০২০-র প্রথম দিনে জন্ম নেওয়া শিশুর সংখ্যায় সব দেশকে টপকে গেল ভারত।২০২০ শুরুর দিনেই এদেশে জন্ম হয়েছে ৬৭ হাজারের বেশি শিশুর। ২১ হাজারের মতো কম সংখ্যক সদ্যোজাত নিয়ে দু’নম্বরে চিন।ইউনিসেফ তাঁর তালিকায় প্রকাশ করল এই খুশির খবর।
পরিসংখ্যান বলছে, এখনও চিনের চেয়ে ভারতের জনসংখ্যা কম। তার পরেও ভারতে ২১ হাজার বেশি সদ্যোজাত জন্ম নেওয়া যথেষ্ট তাত্পর্যপূর্ণ বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল।ইউনিসেফের প্রকাশিত তালিকা অনুযায়ী ২০২০ সালের পয়লা জানুয়ারি বিশ্বে মোট তিন লক্ষ ৯২ হাজার ৭৮টি শিশুর জন্ম হয়েছে। ভারতে নবজাতকের সংখ্যা ৬৭ হাজার ৩৮৫। দ্বিতীয় স্থানে থাকা চিনে এই সংখ্যা ৪৬,২৯৯।
প্রতি নতুন বছরের প্রথমদিন জন্ম নেওয়া শিশুদের স্বাগত জানায় ইউনিসেফ। এবার তো শুধুমাত্র নতুন বছর নয়। নতুন দশকও শুরু হল। তাই দশকের প্রথম নবজাতকদের স্বাগত জানাতে ছিল বিশেষ ব্যবস্থা। ভারত, চিনের পর তালিকায় ক্রমান্বয়ে রয়েছে নাইজেরিয়া, পাকিস্তান, ইন্দোনেশিয়া, আমেরিকা, কঙ্গো, ইথিওপিয়ার মতো দেশ।



















