কলকাতা: দুর্গাপুজোর আনন্দের মধ্যেই নবমীর ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ড বাঘাযতীন বাজারে। আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে শতাধিক দোকান। এই ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। উৎসবের মরশুমে এমন বিপর্যয়ে উদ্বেগে পড়েছেন ব্যবসায়ীরা। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, বাজারের একটি বাতাসার দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর দ্রুত আগুন ছড়িয়ে পড়ে আশপাশের অন্যান্য দোকানে। মুহূর্তের মধ্যে আগুনের গ্রাসে চলে আসে বাজারের একাধিক দোকান। দোকানে মজুত থাকা বিভিন্ন সামগ্রী পুড়ে নষ্ট হয়ে যাওয়ায় ব্যবসায়ীদের বড়সড় আর্থিক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১৫টি ইঞ্জিন। দমকলকর্মীদের দীর্ঘ প্রচেষ্টায় আপাতত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে কীভাবে আগুন লাগল এবং মোট কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।
পুজোর আনন্দের মাঝেই এই অগ্নিকাণ্ডে কার্যত সর্বস্ব হারানোর আশঙ্কায় দিশেহারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। আগুন লাগার প্রকৃত কারণ জানতে পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে।




















