
নিউজ ডেস্ক,দক্ষিণ ২৪ পরগণা: এলাকায় নিরাপত্তার জন্য এবার শতাধিক সিসিটিভি ক্যামেরা দিয়ে মুড়ে ফেলা হল দক্ষিণ ২৪ পরগণার নরেন্দ্রপুর থানা এলাকা। রবিবার দুপুরে নরেন্দ্রপুর থানার সভাকক্ষে এই সিসিটিভি ক্যামেরার কন্ট্রোল রুমের উদ্বোধন করেন যাদবপুর লোকসভা কেন্দ্রের সাংসদ মিমি চক্রবর্তী ও বারুইপুর পুলিশ জেলার সুপার রসিদ মুনির খান। এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সোনারপুর উত্তরের বিধায়ক ফিরদৌসি বেগম, সোনারপুর দক্ষিনের বিধায়ক জীবন মুখোপাধ্যায় সহ আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন সিসিটিভি কন্ট্রোল রুম উদ্বোধনের পাশাপাশি নরেন্দ্রপুর থানার তরফ থেকে পুজো উদ্যোক্তাদের হাতে সরকারী সাহায্যের চেক ও তুলে দেওয়া হয়। গত নভেম্বর মাসে সোনারপুর থানা ভেঙে নতুন থানা তৈরি হয় নরেন্দ্রপুর। এই থানার সীমান্ত লাগোয়া কলকাতা পুলিশের সাতটা থানা রয়েছে।

অন্যদিকে একপ্রান্তে ভাঙড়ের সীমান্ত ও অন্যদিকে বিষ্ণুপুর থানার সীমান্ত। এই থানা এলাকায় প্রায় ছয় লক্ষ মানুষ বসবাস করেন। ফলে এই থানার গুরুত্ব অপরিসীম। কিন্তু পর্যাপ্ত লোকবল না থাকার কারণে যথেষ্ট হিমশিম খেতে হয় এই থানাকে। তাই এলাকার সাধারণ মানুষের নিরাপত্তার জন্য নরেন্দ্রপুর থানা এলাকায় সিসিটিভি ক্যামেরা লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এলাকার বিধায়ক ফিরদৌসি বেগম ও সাংসদ মিমি চক্রবর্তীর সাংসদ উন্নয়ন তহবিল থেকে সাহায্যের পাশাপাশি এলাকার ক্লাব ও কেবল অপারেটরদের সাহায্য নিয়ে মোট ১৩০ টি ক্যামেরা লাগানো হয়। অন্যদিকে রাজপুর সোনারপুর পুরসভার অন্তর্গত যে সমস্ত এলাকায় সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে সেই ক্যামেরার ইনপুট ও নরেন্দ্রপুর থানার কন্ট্রোলরুমে পাঠানো হবে বলে জানিয়েছেন পুরসভার চেয়ারম্যান। এরফলে এলাকায় সাধারণ মানুষের নিরাপত্তা আরও সুনিশ্চিত হবে বলে দাবী আধিকারিকদের।


















