
নিজস্ব সংবাদদাতা, বীরভূম, ২৪ এপ্রিল, কখনো ওষুধ কিনতে যাওয়ার নামে, কখনো বা সবজি বাজার যাওয়ার নামে নানান অজুহাত দিয়ে বাড়ি থেকে বাইক নিয়ে বেরিয়ে পড়ছে বীরভূমের বিভিন্ন জায়গার বহু মানুষ। আর তাদের চিহ্নিত করতে এবার বিশেষ পন্থা অবলম্বন করল বীরভূম জেলা পুলিশ। বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে বোলপুর, সিউরি, দুবরাজপুর সহ একাধিক জায়গায় বাইকের মধ্যে লাগিয়ে দেওয়া হল বিশেষ স্টিকার। যে স্টিকারের মাধ্যমে শনাক্ত করা যাবে বাইকগুলিকে।
পুলিশের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এক সপ্তাহে দুবার বাইক নিয়ে বের হতে পারবে সেই সমস্ত মানুষ যাদের বাইকে লাগানো আছে এই স্টিকার। যদি আইন ভঙ্গ করে তাহলে কড়া পদক্ষেপ নেওয়া হবে পুলিশের পক্ষ থেকে।
অতিরিক্ত পুলিশ সুপার জানান নানান অজুহাত নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ছে সাধারণ মানুষ। তাদেরকে রুখতে পুলিশের পক্ষ থেকে এই প্রয়াস। পাশাপাশি নোটবুক বানানো হয়েছে বাইক গুলিকে চিহ্নিত করতে।



















