নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে নতুন বছরের প্রথম চ্যালেঞ্জ, দল নির্বাচন ঘিরে একাধিক প্রশ্ন ভারতের শিবিরে

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে নতুন বছরের প্রথম চ্যালেঞ্জ, দল নির্বাচন ঘিরে একাধিক প্রশ্ন ভারতের শিবিরে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


খেলা – নতুন বছরে ভারতীয় ক্রিকেট দলের বাইশ গজের লড়াই শুরু হতে আর মাত্র এক সপ্তাহ বাকি। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনটি ওয়ানডে ও পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। প্রথম ওয়ানডে ম্যাচ আগামী ১১ জানুয়ারি। তার আগেই শনিবার বোর্ডের (BCCI) দল নির্বাচনের বৈঠক ঘিরে শুরু হয়েছে জোর চর্চা। মহম্মদ শামি থেকে ঋষভ পন্থ— একাধিক ক্রিকেটারের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।
রোহিত শর্মা ও বিরাট কোহলির ব্যাটিং ঝড়ে যে নিউজিল্যান্ডকে চাপে ফেলা সম্ভব, তা নিয়ে সন্দেহ নেই। তবে রাচিন রবীন্দ্রদের মতো প্রতিপক্ষ ব্যাটারদের মোকাবিলা করতে হলে ভারতের বোলিং বিভাগকেও সমান শক্তিশালী হতে হবে। অর্শদীপ সিং ও হর্ষিত রানা দলে থাকলেও যশপ্রীত বুমরাকে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে বলেই সূত্রের খবর। আর এখান থেকেই উঠে আসছে বড় প্রশ্ন— তৃতীয় পেসার হিসেবে কাকে খেলানো হবে?
এই পরিস্থিতিতে ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্সের সুবাদে মহম্মদ শামির প্রত্যাবর্তনের সম্ভাবনার কথা বলছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। একইসঙ্গে মহম্মদ সিরাজকেও ফেরানো হতে পারে বলে মত অনেকের। অভিজ্ঞতা ও সাম্প্রতিক ফর্ম— এই দুইয়ের ভারসাম্য বজায় রেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চাইছে টিম ম্যানেজমেন্ট।
ব্যাটিং বিভাগেও অনিশ্চয়তা রয়েছে। শ্রেয়স আইয়ারের চোটের কারণে রুতুরাজ গায়কোয়াড়ের দলে থাকা প্রায় নিশ্চিত বলেই মনে করা হচ্ছে। তবে উইকেটরক্ষক ব্যাটার হিসেবে ঋষভ পন্থ আদৌ জায়গা পাবেন কি না, সেই প্রশ্নের উত্তর মিলবে দল ঘোষণার সঙ্গেই। নতুন বছরের শুরুতেই নিউজিল্যান্ড সিরিজকে ঘিরে তাই ভারতীয় শিবিরে উত্তেজনা তুঙ্গে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top