নিজেদের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে ১০০ দিনের কাজ প্রকল্পে দুর্নীতির অভিযোগ আনল বিজেপি

নিজেদের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে ১০০ দিনের কাজ প্রকল্পে দুর্নীতির অভিযোগ আনল বিজেপি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,মালদা,২৫শে জুন : উলট পুরাণ৷ এবার নিজেদের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে ১০০ দিনের কাজ প্রকল্পে দুর্নীতির অভিযোগ আনল বিজেপি৷ ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার মুচিয়া পঞ্চায়েতে৷ আজ সেখানে প্রধানকে ঘেরাও করে রাখেন সাধারণ মানুষ৷ আন্দোলনে ছিলেন বিজেপি সদস্যরাও৷ তাঁদের অভিযোগ, দলীয় সদস্যদের গুরুত্ব না দিয়ে বহিরাগতদের নিয়ে পঞ্চায়েত পরিচালনা করছেন প্রধান৷ জবকার্ড হোল্ডারদের তালিকায় হোয়াইটনার লাগিয়ে তার উপর ভুয়ো নাম লেখা হচ্ছে৷ একই লোককে বার বার ১০০ দিনের কাজ জেওয়া হচ্ছে৷ এসব নিয়েই আজ ওই পঞ্চায়েত প্রধানকে ঘেরাও করা হয়৷ যদিও মালদা থানার পুলিশ ও বিএসএফ-এর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়৷ অবশ্য প্রধানের দাবি, তাঁর বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনা হয়েছে৷ গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়৷
১৬ আসনবিশিষ্ট মুচিয়া গ্রাম পঞ্চায়েতে ১০ জন সদস্য বিজেপির৷ বর্তমানে প্রধান শুভলক্ষ্মী গায়েন৷ তাঁর বিরুদ্ধেই ১০০ দিনের কাজ প্রকল্পে দুর্নীতির অভিযোগ উঠেছে৷ এক পঞ্চায়েত সদস্যের স্বামী দেবকুমার বল্লভ বলেন, তাঁর বুথে ৪০০ জবকার্ড রয়েছে৷ তার মধ্যে মাত্র ৪০টি জবকার্ডে কাজ দেওয়া হয়েছে৷ এই ৪০ জনকেই বারবার কাজ দেওয়া হচ্ছে৷ বঞ্চিত হচ্ছে বাকি জবকার্ড হোল্ডাররা৷ তিনি দাবি করেছিলেন, তাঁদের বুথের প্রত্যেক জবকার্ড হোল্ডারকে কাজ দিতে হবে৷ কিন্তু প্রধান আমার দাবি উড়িয়ে দেন৷ তাঁর স্ত্রী প্রধানের কাছে নিজের বুথের কাজকর্মের বিষয়ে জানতে চাইলেও তাঁকে কিছু জানানো হচ্ছে না৷ কয়েকজন বহিরাগত ছাড়া প্রধান কাউকে চেনেন না৷ একই বক্তব্য বিজেপি পঞ্চায়েত সদস্য রামলাল চৌধুরিরও৷
যদিও প্রধান শুভলক্ষ্মী গায়েন তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন৷ তিনি বলেন, তাঁর বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হচ্ছে তা পুরোপুরি মিথ্যে৷ তাছাড়া আজ তাঁকে কেউ কিছু লিখিতভাবে জানায়নি৷ কেউ কোনও স্মারকলিপিও জমা দেয়নি৷ মাত্র একজন পঞ্চায়েত সদস্যের স্বামী এসব ঝামেলা পাকাচ্ছেন৷ সবচেয়ে বড়ো কথা, তাঁরা আগের বোর্ডের প্ল্যান অনুযায়ীই এখনও কাজ করে চলেছেন৷ নতুন কোনও স্কিম চালু করতে পারেননি৷ তাই পক্ষপাতিত্বের যে অভিযোগ তাঁর বিরুদ্ধে আনা হচ্ছে, তা পুরোপুরি ভিত্তিহীন৷

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top