নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪পরগণা, ২২ জানুয়ারি, নিজের ঘর থেকে উদ্ধার হল বছর ৩২ এর এক যুবকের মৃতদেহ। উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর মহকুমার সোদপুরের ঘোলা থানা এলাকার বাসিন্দা কৃষ্ণ দাস ছিলেল একজন সমকামী। শ্বাসরোধ হয়েই মৃত্যু হয়েছে কৃষ্ণর, এমনটাই অনুমান পুলিশের।
সিলিং-এর মধ্যে অর্ধেক শাড়ি লাগানো রয়েছে আর অর্ধেকটা রয়েছে কৃষ্ণের শরীরে জড়ানো। সেই অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখে তার মা। জানা গিয়েছে, ঘটনাটি যখন ঘটে তখন বাবা ও মা কাজে গিয়েছিলেন। বিকেলে বাড়ি ফিরে মা ঘরের দরজা ভেজানো অবস্থায় দেখতে পায়। ঘরে ঢুকে দেখে মেঝেতে ছেলে পড়ে রয়েছে। পরিবারের দাবি, সুভাষ নামে একটি ছেলে বেশ কিছুদিন ধরে তার বাড়িতে আসত এবং তার সাথে থাকত। গতকাল রাতে সুভাষ ও কৃষ্ণ একসাথেই তীর্থভারতীর ঐ বাড়িতেই ছিল। তবে আজ সকাল থেকে সুভাষকে দেখেনি কেউ। সুভাষ বেপাত্তা হওয়ায় সন্দেহ আরো দানা বাঁধে। এরপর আজ কৃষ্ণকে মৃত অবস্থায় পাওয়ায় সন্দেহের তীর সুভাষের দিকেই। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ঘোলা থানার পুলিশ। খুন না আত্মহত্যা তা খতিয়ে দেখছে পুলিশ। আপাতত মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।



















