দেশ – নিট (NEET) প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে দেশজুড়ে চলা আন্দোলন এবং তরুণ প্রজন্মের ক্ষোভের আবহে জনসংযোগের নতুন কৌশল নেওয়ার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, শুক্রবার অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে তিনি ক্যাবিনেটের সহকর্মীদের ইনস্টাগ্রামে আরও সক্রিয় হওয়ার পরামর্শ দেন। শুধু উপস্থিতি নয়, নিয়মিত রিলস তৈরি করা এবং শিক্ষার্থী ও যুবসমাজের সঙ্গে সরাসরি ইন্টারেক্টিভ সেশনে অংশ নেওয়ার উপরও জোর দেন তিনি।
বৈঠকে প্রধানমন্ত্রী মন্ত্রীদের কাছে জানতে চান, তাঁদের মধ্যে কতজন নিয়মিত ইনস্টাগ্রাম ব্যবহার করেন। তিনি বলেন, দেশের কোটি কোটি তরুণ প্রতিদিন এই সমাজমাধ্যম ব্যবহার করেন। তাই তাঁদের কাছে পৌঁছানো, সরকারের অবস্থান তুলে ধরা এবং সরাসরি যোগাযোগ বজায় রাখা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রধানমন্ত্রী আরও বলেন, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ এবং ইতিবাচক কাজ সাধারণ মানুষের কাছে আরও কার্যকরভাবে পৌঁছে দিতে ডিজিটাল মাধ্যমের ব্যবহার বাড়ানো প্রয়োজন। পাশাপাশি পরীক্ষার্থী, শিক্ষার্থী এবং যুবসমাজের সঙ্গে নিয়মিত মতবিনিময়ের জন্য আকর্ষণীয় ডিজিটাল কনটেন্ট ও রিলস তৈরিতে প্রতিটি মন্ত্রীকে গুরুত্ব দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।




















