নেপালে হড়পা বানে নিখোঁজ বাংলার ৩৭ জন, ২ জনের সন্ধান মিলতেই বাকিদের উদ্ধারে দল পাঠানোর উদ্যোগ

নেপালে হড়পা বানে নিখোঁজ বাংলার ৩৭ জন, ২ জনের সন্ধান মিলতেই বাকিদের উদ্ধারে দল পাঠানোর উদ্যোগ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


কলকাতা: নেপালে হড়পা বানের ঘটনায় পশ্চিমবঙ্গের নিখোঁজ বাসিন্দাদের উদ্ধারে এবার বিশেষ দল পাঠানোর উদ্যোগ নিল রাজ্য সরকার। শুক্রবার ভবানী ভবনে অনলাইন বৈঠকে উদ্ধারকাজের অগ্রগতি পর্যালোচনা করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের অনুমতি মিললে শনিবারই একটি দল কাঠমান্ডুতে পাঠানো হবে। সেই দল সেখান থেকে উদ্ধার ও সমন্বয়ের কাজ পরিচালনা করবে।

মুখ্যমন্ত্রী জানান, পশ্চিমবঙ্গ থেকে নিখোঁজ হিসেবে তালিকাভুক্ত ৩৭ জনের মধ্যে বসিরহাটের পোদ্দার পরিবারের দুই সদস্যের সন্ধান পাওয়া গিয়েছে। বর্তমানে তাঁরা কাঠমান্ডুতে আটকে রয়েছেন। তাঁদের দ্রুত বিমানে রাজ্যে ফিরিয়ে আনার জন্য বসিরহাট থানার আইসিকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

তবে এখনও ৩৫ জনের সঙ্গে যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি। তাঁদের মধ্যে মানস সরোবর যাত্রায় গিয়ে নিখোঁজ হওয়া তারকেশ্বরের বাসিন্দা স্নেহাশিস দত্তও রয়েছেন। তাঁর এবং বাকি নিখোঁজদের বিষয়ে এখনও নিশ্চিত কোনও খবর পাওয়া যায়নি।

নেপালের ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের এই পরিস্থিতিতে উদ্বিগ্ন পরিবারগুলির পাশে থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, রাজ্য প্রশাসন প্রতি মুহূর্তে পরিস্থিতির ওপর নজর রাখছে এবং নিখোঁজদের সন্ধান ও উদ্ধারের জন্য প্রয়োজনীয় সবরকম পদক্ষেপ করা হচ্ছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top