প্রধানমন্ত্রী – ভারতের প্রধানমন্ত্রী Narendra Modi-র ইজরায়েল সফরে দু’দেশের সম্পর্কের উষ্ণতা বারবার ফুটে উঠছে। এবার সামনে এল এক বিশেষ মুহূর্ত, যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ইজরায়েলের প্রধানমন্ত্রী Benjamin Netanyahu নৈশভোজে ‘বন্ধু’ মোদীকে সারপ্রাইজ দিতে নিজের পোশাকে রাখলেন ভারতীয় ছোঁয়া।
নেতানিয়াহু নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন। সেখানে দেখা যায়, তিনি ভারতীয় পোশাকে ঘরে ঢুকতেই মোদী এগিয়ে এসে তাঁকে আলিঙ্গন করেন। ভিডিওতে নেতানিয়াহু বলেন, নৈশভোজের আগে ভারতীয় পোশাক পরে মোদীজিকে একটু চমক দিতে চেয়েছিলেন। তাঁর পরনে ছিল পাথর-রঙা নেহরু জ্যাকেট, সাদা লম্বা হাতার কুর্তা-স্টাইল শার্ট, গাঢ় নীল ট্রাউজার্স ও ফর্মাল জুতো। অন্যদিকে মোদীর পরনে ছিল সাদা কুর্তা-পায়জামা, গাঢ় নীল সোয়েটার ও জ্যাকেট, সঙ্গে কাঁধে মাফলার।
দু’দিনের ইজরায়েল সফরে গিয়ে প্রথম দিনেই নেতানিয়াহুর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন মোদী। এরপর ইজরায়েলের পার্লামেন্ট ‘Knesset’-এ প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ভাষণ দেন তিনি। সেখানে মোদী বলেন, ভারত ইজরায়েলের সাহস, দৃঢ়তা ও সাফল্যকে গভীরভাবে শ্রদ্ধা করে এবং দুই দেশের বন্ধুত্ব ভবিষ্যতের অনিশ্চয়তার সময়ে শক্তির উৎস হয়ে থাকবে।
সংসদে বক্তব্য রাখতে গিয়ে হামাসের ৭ অক্টোবরের হামলায় নিহতদের প্রতি সমবেদনা জানান মোদী। Hamas-এর হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “আমরা আপনার দুঃখ বুঝি, আমরা পাশে আছি।” পাশাপাশি তিনি স্মরণ করিয়ে দেন, ভারতও দীর্ঘদিন ধরে সন্ত্রাসের শিকার। ২৬/১১ মুম্বই হামলার প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, সন্ত্রাসবাদ কোনওভাবেই গ্রহণযোগ্য নয় এবং ভারতের অবস্থান বরাবরই জিরো টলারেন্স।
বৈঠকের পর দুই নেতা একসঙ্গে গাড়িতে চেপে একটি প্রযুক্তি প্রদর্শনীতে যান। সেই দৃশ্যও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক চর্চার বিষয় হয়ে ওঠে। মোদী এক্স-এ লেখেন, কেনেসেটে ভাষণের পর নেতানিয়াহুর সঙ্গে প্রযুক্তি প্রদর্শনীতে যাচ্ছেন তিনি।
ইজরায়েলের সংসদে ভারতের প্রধানমন্ত্রীকে সর্বোচ্চ সম্মান ‘স্পিকার অফ দ্য কেনেসেট মেডেল’ প্রদান করা হয়। এই সম্মান গ্রহণ করে মোদী বলেন, এটি কোনও ব্যক্তিকে দেওয়া পুরস্কার নয়, বরং ভারত-ইজরায়েলের গভীর বন্ধুত্বের প্রতীক।




















