পঞ্চমীতে সিপিএমের বুকস্টল বসানোর অনুমতি কলকাতা হাইকোর্টের, বনগাঁয় পুজো প্যান্ডেলের ১০০ মিটারের মধ্যেও ছাড়

পঞ্চমীতে সিপিএমের বুকস্টল বসানোর অনুমতি কলকাতা হাইকোর্টের, বনগাঁয় পুজো প্যান্ডেলের ১০০ মিটারের মধ্যেও ছাড়

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


কলকাতা: পঞ্চমীতে স্বস্তি সিপিএমের। বনগাঁর যশোর রোডে দুর্গাপুজোর প্যান্ডেলের ১০০ মিটারের মধ্যে সিপিএমের বুকস্টল বসানোর অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার এই সংক্রান্ত মামলার শুনানিতে আদালত জানায়, আইনশৃঙ্খলা বজায় রাখতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রাখতে হবে। পাশাপাশি, গোটা পরিস্থিতি নিয়ে পুলিশ সুপারকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

শুনানিতে বিচারপতি পর্যবেক্ষণ করেন, অন্যদের স্টল বসানোর অনুমতি দেওয়া হলেও আবেদনকারীদের ক্ষেত্রে তা না হওয়া যথাযথ নয়। তাঁর বক্তব্য, যখন অন্যরা স্টল বসিয়ে বিভিন্ন সামগ্রী বিক্রি করছেন, তখন আবেদনকারীদের বই বিক্রির অনুমতি না দেওয়ার কারণ স্পষ্ট হওয়া প্রয়োজন। ভিন্ন রাজনৈতিক মতাদর্শকে গুরুত্ব দেওয়া গণতন্ত্রের পক্ষে ফলপ্রসূ বলেও মন্তব্য করেন বিচারপতি। তাঁর আশা, বর্তমান প্রশাসনও বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করবে।

সিপিএমের হয়ে আদালতে সওয়াল করেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। তিনি যুক্তি দেন, মামলাটি জমি সংক্রান্ত বিরোধ নয়। বরং একজন নাগরিক বা রাজনৈতিক দল হিসেবে সাংবিধানিক অধিকার রক্ষার জন্যই আদালতের দ্বারস্থ হয়েছেন আবেদনকারীরা। তাঁর বক্তব্য, বিষয়টি মূলত আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করার সঙ্গে সম্পর্কিত।

শুনানির সময় বিচারপতি জানতে চান, সংশ্লিষ্ট এলাকার আশপাশে কোনও বড় দুর্গাপুজোর প্যান্ডেল রয়েছে কি না এবং সেখানে বুকস্টল বসালে কী ধরনের সমস্যা হতে পারে। ওই এলাকায় অন্য কোন কোন সংস্থা বা সংগঠনকে স্টল বসানোর অনুমতি দেওয়া হয়েছে, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

আদালতের নির্দেশে বনগাঁর যশোর রোডে সিপিএমের বুকস্টল বসানোর পথ আপাতত প্রশস্ত হল। তবে পুজোর ভিড়ের মধ্যে আইনশৃঙ্খলা বজায় রাখা এবং নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব থাকবে প্রশাসনের উপর। পুলিশ সুপারের রিপোর্টে পরিস্থিতি সম্পর্কে কী তথ্য উঠে আসে, এখন সেদিকেও নজর থাকবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top