নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা, ২১ ডিসেম্বর, শুক্রবার সন্ধ্যায় আচমকাই আগুন লেগে গোটা বাড়ি সহ সমস্ত কিছুই পুড়ে গিয়েছে। সরকার পাশে না দাঁড়ালে কিভাবে সম্ভব এই ক্ষতিপূরণ জানেন না হাবড়ার মালি পরিবার।
বাড়িতে থাকা সমস্ত আসবাব ,পোশাক সোনা- রুপোর গয়না, নগদ টাকা এমনকি বাসনপত্রও পুড়ে খাক হয়ে গিয়েছে সেই আগুনে। জানা গিয়েছে শুক্রবার সন্ধ্যে নাগাদ হাবড়ার ফুলতলা এলাকার বাসিন্দা সমীর মালি, বছর তেরোর মেয়ে রুপসা মালি ও স্ত্রী দুর্গা মালি বাজারে গিয়েছিল ।তখনই প্রতিবেশীদের কাছ থেকে জানতে পারে বাড়িতে আগুন লেগে গিয়েছে। নিমিষেই দাউ দাউ করে জ্বলতে থাকে টিনের বাড়ি। এলাকার বাসিন্দারা তড়িঘড়ি আগুন নেভানোর কাজে হাত লাগায়।জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করলেও নিমেষেই কিছু পুড়ে ছাই হয়ে যায় যার বাড়ির সহ বাড়ির ভেতরে থাকা সমস্ত জিনিসপত্র। ফলে তারা দমকল বিভাগে আর খবর দেয়নি। যদিও ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে ছুটে আসে হাবড়া থানার পুলিশ ও স্থানীয় পঞ্চায়েত সদস্যরা। বাড়ির সমস্ত কিছু এমনকি জমির দলিল পুড়ে গিয়েছে এখন অসহায় মালি পরিবারের পরনের পোশাকটুকু ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। হাড় হিম করা শীতেও শুক্রবার রাত কাটল প্রতিবেশীদের বাড়িতে। তবে বাকি দিনগুলো কিভাবে কাটবে কীভাবেই বা এই ক্ষতিপূরণ সম্ভব জানেন না তারা।এমত অবস্থায় স্থানীয় পঞ্চায়েত বা সরকারের সহযোগিতা চান তারা।



















