‘পরিবর্তন যাত্রা’-য় শর্তসাপেক্ষ ছাড়, বিজেপিকে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট

‘পরিবর্তন যাত্রা’-য় শর্তসাপেক্ষ ছাড়, বিজেপিকে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


কলকাতা – রাজ্য বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক কর্মসূচি নিয়ে বড় স্বস্তি পেল ভারতীয় জনতা পার্টি। ‘পরিবর্তন যাত্রা’ আয়োজনের ক্ষেত্রে শর্তসাপেক্ষ অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি শুভ্রা ঘোষ স্পষ্ট জানিয়েছেন, নির্দিষ্ট বিধিনিষেধ মেনেই এই কর্মসূচি করতে হবে।
আদালতের নির্দেশ অনুযায়ী, যাত্রায় একসঙ্গে এক হাজারের বেশি মানুষের জমায়েত করা যাবে না। ১ মার্চ থেকে ৬ মার্চের মধ্যে নির্ধারিত সময়সীমার মধ্যেই অনুষ্ঠান সম্পন্ন করতে হবে। শব্দবিধি সংক্রান্ত সমস্ত আইন কঠোরভাবে মানার নির্দেশ দেওয়া হয়েছে।
বক্তব্য নিয়েও সতর্ক করেছে আদালত। কোনও রকম কুরুচিকর বা উত্তেজনামূলক মন্তব্য করা যাবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে—এমন মন্তব্য বা কার্যকলাপ থেকে বিরত থাকার নির্দেশ রয়েছে। পাশাপাশি ট্র্যাফিক ব্যবস্থাপনায় যাতে বিঘ্ন না ঘটে, সে বিষয়েও প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কর্মসূচি চালানোর কথা বলা হয়েছে।
আদালতের নির্দেশে আরও বলা হয়েছে, অন্তত ২০ জন স্বেচ্ছাসেবকের নাম ও ফোন নম্বর আগাম পুলিশ প্রশাসনের কাছে জমা দিতে হবে। সরকারি, বেসরকারি বা ব্যক্তিগত সম্পত্তির কোনও ক্ষতি করা চলবে না। ক্ষয়ক্ষতি হলে তার দায় সংশ্লিষ্ট রাজনৈতিক দলকেই নিতে হবে। পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়েও কড়া অবস্থান নিয়েছে আদালত। অনুষ্ঠান শেষের ২৪ ঘণ্টার মধ্যে এলাকা পরিষ্কার করতে হবে এবং এক ঘণ্টার মধ্যে অংশগ্রহণকারীদের অনুষ্ঠানস্থল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
যদিও শুরু থেকেই এই কর্মসূচির বিরোধিতা করেছে রাজ্য সরকার। আদালতে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত যুক্তি দেন, এই অনুষ্ঠান রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে পারে। তবে আদালত সেই যুক্তিতে বিশেষ গুরুত্ব দেয়নি।
রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য জানিয়েছেন, মোট ৯টি পৃথক যাত্রা আয়োজন করা হয়েছে। ১ ও ২ মার্চ থেকে শুরু হবে কর্মসূচি। প্রথম দিনে কোচবিহার দক্ষিণ, কৃষ্ণনগর দক্ষিণ, কুলটি, গড়বেতা ও রায়দিঘি থেকে যাত্রা শুরু হবে। ২ মার্চ ইসলামপুর, সন্দেশখালি, হাসান এবং আমতা থেকেও আরও চারটি যাত্রা বেরোবে। দোল উৎসবের কারণে ৩ ও ৪ মার্চ কোনও কর্মসূচি রাখা হয়নি। ৫ থেকে ১০ মার্চের মধ্যে প্রায় পাঁচ হাজার কিলোমিটার পথ অতিক্রমের লক্ষ্য নিয়েছে দল।
বিজেপির লক্ষ্য, রাজ্যের প্রতিটি বিধানসভা কেন্দ্রের মধ্য দিয়ে এই যাত্রাকে নিয়ে যাওয়া। কর্মসূচির আওতায় রয়েছে ৬০টি বড় জনসভা এবং আনুমানিক ৩০০টি ছোট সভা। বৃহত্তর কলকাতার ২৯টি বিধানসভা এলাকায় আলাদা করে ট্যাবলো বের করার পরিকল্পনাও রয়েছে। সবশেষে মার্চ মাসে কলকাতার ব্রিগেড ময়দানে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সভাকেই ‘পরিবর্তন যাত্রা’র সমাপ্তি হিসেবে চিহ্নিত করেছে দল।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top