
নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি, ৬ মে, নিজের ঘরের লোককে ঘরে ফিরিয়ে আনা অর্থাৎ পরিযায়ী শ্রমিকদের নিজের জেলায় বা নিজেদের রাজ্যে ফিরিয়ে আনার দাবিতে বিক্ষোভ দেখালেন দার্জিলিং জেলা কংগ্রেস কমিটির সদস্যরা। এদিন শিলিগুড়ি মহকুমা শাসকের দপ্তরের সামনে শান্তিপূর্ণ অবস্থান করেন তারা।
লকডাউন পর্বে জেলা ও রাজ্যের বাইরে রয়েছে অনেকেই। বিশেষ করে পরিযায়ী শ্রমিকেরা। এছাড়া যারা চিকিৎসার জন্য ভিন রাজ্যে গিয়েছিল বা অন্যান্য কাজে নানান জায়গায় গিয়েছিল তাদেরই ফিরিয়ে আনার আর্জি করেন কংগ্রেস কমিটির সদস্যরা। এই রাজ্য থেকে আটকে পড়া অনেকেই ফিরে গিয়েছে। পশ্চিমবঙ্গের যেসমস্ত শ্রমিক বাইরে আটকে পড়েছে তারা পোর্টালে প্রবেশ করতে পারছে না। তাদের জন্য এখনও পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তবে, কংগ্রেসের পক্ষ থেকে দাবি জানানোর পর রাজ্য সরকারের সাথে এই বিষয় নিয়ে আলোচনা করবেন বলে আশ্বাস দেন SDO।
দার্জিলিং জেলা কংগ্রেস কমিটির জেনারেল সেক্রেটারি অলোকেশ চক্রবর্তী জানান, “নিজেদের ঘরের লোককে আগে ফিরিয়ে আনা দরকার। অন্য রাজ্যের শ্রমিকদের এ রাজ্য থেকে পাঠানো হয়েছে। তবে, এ রাজ্যের মানুষদেরও ফিরিয়ে আনতে হবে। পরিযায়ী শ্রমিকদের জন্য তৈরি পোর্টালে প্রবেশ হচ্ছে না যখন তখন তাদের জন্য অন্য ব্যবস্থা নেওয়া হোক। এসমস্ত দাবিই জানানো হয়েছে SDO-র কাছে।”



















