রাজ্য – রাজ্যের আবহাওয়ায় আজ থেকে ফের পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। সকাল থেকেই আকাশ অনেক জায়গায় মেঘলা, আর দিনের মধ্যে ঝড়-বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের একাধিক জেলায় বজ্রসহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। ফলে আজ গোটা দিনটাই অস্থির আবহাওয়ার মধ্যে কাটতে পারে।
দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আজ আবহাওয়া খুব খারাপ হতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। অন্যান্য জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকতে থাকায় এই পরিস্থিতি আগামী কয়েকদিন, অর্থাৎ ২৩ মার্চ পর্যন্ত চলতে পারে।
কলকাতায় আজ আকাশ মূলত মেঘলা থেকে আংশিক মেঘলা থাকতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা প্রায় ৫৫ থেকে ৬০ শতাংশ। শহরে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বিকেল বা সন্ধ্যার দিকে হঠাৎ ঝড়-বৃষ্টি নামতে পারে। বাতাসের গতি ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত পৌঁছতে পারে। ফলে দিনের মধ্যে আবহাওয়ার দ্রুত পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে।
উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজ আবহাওয়ার পরিস্থিতি অস্থির। দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, মালদহ ও দক্ষিণ দিনাজপুরে ঝড়ো হাওয়া (৫০-৬০ কিমি/ঘণ্টা) বইতে পারে। আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি দার্জিলিং ও জলপাইগুড়ির কিছু এলাকায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের সব জেলাতেই ২১ মার্চ পর্যন্ত ঝড়-বৃষ্টির এই পরিস্থিতি বজায় থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।



















