পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনে বড় আপডেট, ১৫ লক্ষ তথ্য নিষ্পত্তি

পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনে বড় আপডেট, ১৫ লক্ষ তথ্য নিষ্পত্তি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া ঘিরে নতুন তথ্য সামনে এসেছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) দফতর জানিয়েছে, প্রায় ৬০ লক্ষ বিবেচনাধীন ভোটারের মধ্যে ইতিমধ্যেই ১৫ লক্ষের তথ্য নিষ্পত্তি হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী বিচারকেরা সরাসরি নথি যাচাই করে এই প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাচ্ছেন। ফলে ভোটার তালিকা নিয়ে তৈরি হওয়া নানা জল্পনার মধ্যেই প্রশাসনের এই পদক্ষেপকে গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এসআইআর (Special Intensive Revision) প্রক্রিয়ার মাধ্যমে পশ্চিমবঙ্গে মোট প্রায় ৬৩ লক্ষ নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। কমিশনের দাবি, বাদ পড়া নামগুলির মধ্যে অনেকেই মৃত, কেউ অন্যত্র স্থানান্তরিত, আবার কারও নাম একাধিক জায়গায় নথিভুক্ত ছিল। একই সঙ্গে আরও ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’ বা বিবেচনাধীন তালিকায় রাখা হয়েছে।
এই বিবেচনাধীন ভোটারদের তথ্য যাচাইয়ের দায়িত্ব বিচারকদের উপর ন্যস্ত করা হয়েছে। সূত্রের খবর, ওড়িশা ও ঝাড়খণ্ড থেকে আসা বিচারকেরা সরাসরি নথিপত্র পরীক্ষা করে সিদ্ধান্ত নিচ্ছেন—কোন নাম তালিকায় থাকবে এবং কোনটি বাদ যাবে।
এসআইআরের প্রথম দফার সংশোধিত ভোটার তালিকা প্রকাশের পর দেখা গেছে, মুর্শিদাবাদ ও মালদহ জেলাতেই সবচেয়ে বেশি বিবেচনাধীন ভোটার রয়েছেন। মালদহ জেলায় মোট ভোটারের সংখ্যা বর্তমানে ২৯ লক্ষ ৮৬ হাজার ২০৩, যার মধ্যে ৮ লক্ষ ২৮ হাজার ৮০ জন এখনও বিবেচনাধীন তালিকায় রয়েছেন।
এছাড়া ভোটার তালিকা নিয়ে কারও আপত্তি বা অভিযোগ থাকলে তা খতিয়ে দেখার জন্য ট্রাইবুনাল গঠনের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রাক্তন প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারকদের নিয়ে এই ট্রাইবুনাল গঠিত হবে বলে জানা গিয়েছে। প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ স্পষ্ট জানিয়েছে, তালিকা যাচাইয়ের ক্ষেত্রে হাই কোর্ট-নিযুক্ত বিচারকদের প্রক্রিয়ায় নির্বাচন কমিশন হস্তক্ষেপ করতে পারবে না। ফলে পুরো সংশোধন প্রক্রিয়া এখন বিচার বিভাগীয় তত্ত্বাবধানে এগোচ্ছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top