রাজ্য – পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী Khawaja Asif-এর কলকাতা আক্রমণ সংক্রান্ত মন্তব্যকে ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়তেই, প্রধানমন্ত্রী Narendra Modi কেন নীরব—এই প্রশ্ন তুলেছিলেন তৃণমূল সুপ্রিমো Mamata Banerjee। তিনি অভিযোগ করেন, রাজ্যে এসে এই ইস্যুতে একটিও শব্দ খরচ করেননি প্রধানমন্ত্রী, যা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে।
এই প্রেক্ষিতে মঙ্গলবার জবাব দেন খড়্গপুর সদরের বিজেপি প্রার্থী Dilip Ghosh। তিনি বলেন, “পাকিস্তানকে আজ ভিখারি বানিয়ে দিয়েছেন মোদিজি। প্রধানমন্ত্রী জানেন কী করতে হবে। উনি নিজের দলটা দেখুন।” দিলীপ ঘোষের দাবি, দেশের নিরাপত্তা ও পরিস্থিতি সামলাতে প্রধানমন্ত্রী একাই যথেষ্ট এবং তিনি সবকিছু নজরে রাখছেন।
তিনি আরও বলেন, পাকিস্তানের বর্তমান অবস্থা অত্যন্ত খারাপ। তার কথায়, খাদ্য থেকে শুরু করে পেট্রোল-ডিজেল—সব ক্ষেত্রেই চরম সংকট চলছে সেখানে। এমনকি শিক্ষা ব্যবস্থা ও নির্বাচন পরিচালনার মতো মৌলিক ক্ষেত্রেও অর্থাভাব দেখা দিয়েছে বলে দাবি করেন তিনি। এই অবস্থাকে কেন্দ্র করেই পাকিস্তানকে কটাক্ষ করেন বিজেপি নেতা।
এদিকে, এসআইআর (SIR) প্রক্রিয়ায় মুর্শিদাবাদে সর্বাধিক নাম বাদ পড়ার প্রসঙ্গেও সরব হন দিলীপ ঘোষ। তিনি অভিযোগ করেন, মুর্শিদাবাদে সমাজবিরোধী ও উগ্রপন্থী কার্যকলাপ বেশি ঘটে এবং ভুয়ো আধার কার্ড ও পরিচয়পত্র তৈরির ঘটনাও সেখানে বেশি। তার মতে, বিভিন্ন জায়গায় ধরা পড়া ভুয়ো পরিচয়ের সঙ্গে এই এলাকার যোগ রয়েছে। তবে তিনি এটাও স্বীকার করেন, অনেক ক্ষেত্রে ছোটখাটো ভুল—যেমন বুথ নম্বর বা অন্যান্য তথ্য ভুল দেওয়ার কারণে নাম বাদ পড়েছে এবং সেই কারণেই কিছু কাজ আটকে গেছে। আদালতের নির্দেশ মেনেই পুরো প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।



















