কলকাতা – রাতের শহরে ফের গুলির শব্দে চমকে উঠল পাটুলি। এক অনুষ্ঠানের মাঝেই মুহূর্তে ছড়িয়ে পড়ে আতঙ্ক, আড্ডা রূপ নেয় রক্তাক্ত ঘটনায়। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে রাহুল দে নামে এক যুবকের। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন জিৎ মুখোপাধ্যায় নামে আরও এক যুবক। অভিযোগ, মদ্যপানের আসর থেকেই এই ঘটনায় সূত্রপাত।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে জিৎ মুখোপাধ্যায়ের বাড়িতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে আমন্ত্রিত ছিলেন রাহুল দে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ির ছাদে বসে কয়েকজন মদ্যপান করছিলেন। হঠাৎ রাত প্রায় সাড়ে বারোটা নাগাদ পরপর তিন রাউন্ড গুলির শব্দ শুনতে পান আশেপাশের বাসিন্দারা। গুলির শব্দে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। আতঙ্কে ছাদে উপস্থিত অন্যান্যরা দ্রুত সেখান থেকে পালিয়ে যান।
এরপরই রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় রাহুল ও জিৎকে। ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন রাহুলের পরিবারের সদস্যদের খবর দেন। খবর পেয়ে রাহুলের মা ও ভাই ছুটে এসে দেখেন, রাহুল মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন। কাছেই গুরুতর আহত অবস্থায় পড়ে ছিলেন জিৎও। দ্রুত তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা রাহুল দে-কে মৃত বলে ঘোষণা করেন। জিৎ মুখোপাধ্যায় বর্তমানে চিকিৎসাধীন।
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকায় লাগানো সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ইতিমধ্যেই কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। ঘটনার ২৪ ঘণ্টা পেরোনোর আগেই একজনকে গ্রেফতার করা হয়েছে। কী কারণে এই গুলি চালানো হল, তার পেছনে কোনও ব্যক্তিগত বিবাদ নাকি অন্য কোনও কারণ রয়েছে—সব দিকই খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় আরও কেউ জড়িত কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।



















