
নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ ২৪পরগণা,২৪ জুন:-▪ পাথরপ্রতিমা ব্লকের গোপালনগর গ্রাম পঞ্চায়েত এলাকার দুর্গা গোবিন্দপুর মৌজার বিষ্ণুপদ সাঁতরা(৬০) মাছ ধরতে গিয়ে কুমিরের কবলে জীবন হারালো।
পেশায় দুঃস্থ মৎস্যজীবী বিষ্ণুপ্রসাদ সংসার চালানোর জন্য বাড়ি থেকে কিছুটা দূরে জগদ্দল নদীতে মাছ ধরতে যেতেন দিনের পর দিন।প্রতি দিনের মতো আজ ও সকালে জাল নিয়ে নদীতে যায়। যখন নদীতে নেমে জাল তুলছিল হঠাৎ একটি কুমির তাকে ধরে মাছ সমুদ্রে নিয়ে যায় বলে জানা যায়। ঢিলছোড়া দূরত্বের অন্য মৎস্যজীবীরা জাল দিচ্ছিল চিৎকার চেঁচামেচি শুনে তারা এলাকার মানুষদের ডাকে, ততক্ষণে কুমির তাকে নিয়ে মাঝ সমুদ্রে চলে যায়।
খবর দেওয়া হয় পাথরপ্রতিমা থানায়, ওসির নির্দেশে লঞ্চ নিয়ে সমুদ্রে যাওয়া হয়, পরে বিডিও অফিসের লঞ্চ পৌঁছায়, এখনো পর্যন্ত খোঁজ চলছে বলে জানা যায়। তবে লঞ্চ যাত্রীদের কাছ থেকে জানা গিয়েছে কুমিরটি মাঝে মধ্যে দেহ নিয়ে জলের উপরে উঠছে এবং ডুবে যাচ্ছে। অভিজ্ঞ বনদপ্তর জানায় যতক্ষণ না ঐ দেহ কুমির ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত ঐ মৃতদেহ পাওয়া সম্ভব নয়। নদীতে ভাটার পর প্রথম জোয়ারের মুখে কিছুটা দূরে গিয়ে ওই মৃতদেহ পাওয়া সম্ভব।তার জন্য অপেক্ষা করতে হবে কমপক্ষে সন্ধ্যা পর্যন্ত। ইতিমধ্যেই পরিবারে নেমেছে শোকের ছায়া।


















