কলকাতা – কলকাতার পার্ক স্ট্রিটে এক ভয়ংকর পারিবারিক ঘটনার সূত্রপাত ঘটেছে। বৃদ্ধ বাবা ও অসুস্থ ছোট ভাইয়ের দায়িত্ব কে নেবে তা নিয়ে পারিবারিক বচসার জেরে দাদাকে খুন করার অভিযোগ উঠেছে ধীরজ জয়সওয়ালের বিরুদ্ধে। নিহত নীরজ জয়সওয়াল (৫৫) কৈলাস বোস রোডের বাসিন্দা ছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, মৃত নীরজরা তিন ভাই। তাঁদের দীর্ঘদিনের মোটর পার্টসের ব্যবসা রয়েছে। ছোটভাই অসুস্থ হওয়ায় বিশেষ কাজ করতে পারেন না। দাদাকে ভাই ও বাবার দায়িত্ব নিতে বলেন ধীরজ। অভিযোগ, এ নিয়ে রাগে ধীরজ নীরজের উপর হামলা চালান। রক্তাক্ত অবস্থায় নীরজ লুটিয়ে পড়েন এবং তড়িঘড়ি হাসপাতালে নেওয়া হয়।
পরবর্তী সময়ে, মৃতের ছেলে শুভম পার্ক স্ট্রিট থানার দ্বারস্থ হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে পৌঁছে। রাত সাড়ে বারোটা নাগাদ নীরজের মৃত্যু হয়। এরপরই অভিযুক্ত ধীরজকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। তৎক্ষণাৎ বচসার জেরেই খুন কি হয়েছে, নাকি নেপথ্যে অন্য কোনও রহস্য রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।




















