
নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুর,১৪ ই সেপ্টেম্বর : রামনগর ১ নম্বর ব্লকের গোবরা গ্রাম পঞ্চায়েতের ফতেপুর গ্রামে পাঁচটি বরফ কারখানা বন্ধ হয়ে গেল। দীঘা মোহনা থেকে ৬ কিলোমিটার দূরে ফতেপুর গ্রাম। । এই কারখানাগুলো থেকে বরফ যায় দীঘা মোহনা এবং শংকরপুরে। পেটুয়াঘাট মৎস্য বন্দর চালু হওয়ার ফলে বেশিরভাগ ট্রলার পেটুয়াঘাট বন্দরে হাজির হয়। নাব্যতার ফলে শংকরপুরে ট্রলার ঢুকতে পারে না। ফলে বরফের চাহিদাও অনেকটা কমেছে, তার পরেও বিদ্যুতের বিল অস্বাভাবিক ভাবে বেড়েছে। ফলে এই সব কারখানার মালিকদের লশের মুখ দেখতে হচ্ছিল। এরপরেও কারখানার শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবি করে। ফলে মালিকপক্ষ এবং শ্রমিকদের মধ্যে সমস্যার দানা বাঁধে। ঠিক পুজোর আগেই পাঁচটি বড় কারখানা বন্ধ হয়ে যাওয়ার ফলে একদিকে যেমন সমস্যায় পড়েছেন শ্রমিক এবং শ্রমিকের পরিবার অন্যদিকে কোটি কোটি টাকা বিনিয়োগ করে লাভ না হওয়ায় মাথায় হাত পড়েছে বরফ কল মালিকদের।



















