পুজোর লম্বা ছুটিতে কাটছাঁটের ভাবনা মধ্যশিক্ষা পর্ষদের! স্কুলে পঠনপাঠনের ক্ষতি নিয়ে উদ্বেগ, শিক্ষক মহলে ভিন্নমত

পুজোর লম্বা ছুটিতে কাটছাঁটের ভাবনা মধ্যশিক্ষা পর্ষদের! স্কুলে পঠনপাঠনের ক্ষতি নিয়ে উদ্বেগ, শিক্ষক মহলে ভিন্নমত

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



পশ্চিমবঙ্গ —

রাজ্যের সরকারি স্কুলগুলিতে পুজোর টানা দীর্ঘ ছুটিতে এবার কাটছাঁটের চিন্তাভাবনা করছে মধ্যশিক্ষা পর্ষদ। বর্তমানে দুর্গাপুজো থেকে ভাইফোঁটা পর্যন্ত দীর্ঘ সময় স্কুল বন্ধ থাকে। একইভাবে গরমের ছুটিতেও একটানা বেশ কয়েক দিন বন্ধ থাকে শিক্ষাপ্রতিষ্ঠান। তবে দীর্ঘ ছুটির কারণে পড়ুয়াদের পঠনপাঠনে প্রভাব পড়ছে বলে মনে করছে পর্ষদ। সেই কারণেই পুজোর ছুটির সময়সীমা কিছুটা কমানোর পরিকল্পনা নিয়ে আলোচনা শুরু হয়েছে।

পর্ষদের পর্যবেক্ষণ, দীর্ঘদিন স্কুলে না আসার ফলে অনেক পড়ুয়ার মধ্যে পড়াশোনার প্রতি অনীহা তৈরি হয়। শুধু তাই নয়, ছুটির আগে শ্রেণিকক্ষে যে বিষয়গুলি পড়ানো হয়, দীর্ঘ বিরতির কারণে সেগুলি অনেকেরই ভুলে যাওয়ার আশঙ্কা থাকে। স্কুল খোলার পর ফের পুরনো পড়াশোনার ছন্দে ফিরতেও সমস্যায় পড়ে পড়ুয়ারা। এই পরিস্থিতিতে পুজোর ছুটি কিছুটা কমানো হলে শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখা সহজ হবে বলে মনে করছে পর্ষদ।

সরকারি ছুটি নিয়েও অসন্তোষ মুখ্যমন্ত্রীর

প্রসঙ্গত, রাজ্যে সামগ্রিক সরকারি ছুটির সংখ্যা নিয়ে দু’দিন আগেই অসন্তোষ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি মন্তব্য করেছিলেন, “ছুটি ছুটি করে গোটা রাজ্যটাই শীতঘুমে চলে গিয়েছে।” পাশাপাশি সরকারি ছুটির ক্যালেন্ডার নতুন করে সংশোধনের ইঙ্গিতও দিয়েছিলেন তিনি। এর পরেই স্কুলের দীর্ঘ ছুটি কমানোর সম্ভাবনা ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

ছুটি কমানো নিয়ে শিক্ষক মহলে দ্বিমত

মধ্যশিক্ষা পর্ষদের এই ভাবনাকে শিক্ষক মহলের একাংশ সমর্থন জানিয়েছে। তাঁদের মতে, গরমের ছুটি ও পুজোর ছুটির পাশাপাশি ভোটের সময়ও বহুদিন স্কুল বন্ধ রাখতে হয়। এর ফলে নিয়মিত পঠনপাঠন ব্যাহত হয়। তাই শিক্ষাবর্ষের মোট কর্মদিবস এবং পড়াশোনার ধারাবাহিকতার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন।

তবে এই প্রস্তাবের বিরোধিতাও রয়েছে। বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল টানা ছুটি বন্ধ করার ভাবনাকে সমর্থন করেননি। তাঁর বক্তব্য, মোট ছুটির সংখ্যা অপরিবর্তিত রেখেই সিদ্ধান্ত নেওয়া উচিত। পাশাপাশি স্কুলগুলির উপরেই ছুটির বিষয়টি ছেড়ে দেওয়ার পক্ষে মত দিয়েছেন তিনি।

ফলে পুজোর ছুটি কমানো নিয়ে আপাতত শিক্ষক মহলে তৈরি হয়েছে মতভেদ। মধ্যশিক্ষা পর্ষদ শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেয় এবং নতুন ছুটির নিয়ম কার্যকর হলে পড়ুয়া ও শিক্ষকদের উপর তার কী প্রভাব পড়ে, এখন সেদিকেই নজর।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top