
রায়া সাধুঃ পুজোর মরসুম শুরু হতে না হতেই দুপুরের পাতে পঞ্চব্যঞ্জনের মহাভোজ। লোভ সামলে কোনটা ছেড়ে কোনটা খাই। খাই খাই করে মেনুর আপাদমস্তক গিলে খাওয়ার পর, এবার শুধু বাকি পাতের চিংড়ির মালাইকারী, দই ইলিশ। বাঙালি মেনুতে আবার মিষ্টি দই আর রসগোল্লা থাকবে না, তা হতেই পারে! এই চোব্য চোষ্য লেহ্য পেয় সামলে অতর্কিতে ভুড়িভোজ করলে চলবে ? বদহজম, বুকজ্বালা, অ্যাসিডিটির চোখরাঙ্গানী আপনার পেট মানবে কেন? তাই, এতো গরমেও আপনার জন্য থাকছে পেট ঠাণ্ডা রাখার বিশেষ সব টোটকা।

১) সঙ্গে রাখুন পাতি লেবু ও বিট লবণ মাখানো জোয়ান। খাওয়ার পর এক চিমটে মুখে নিয়ে হাল্কা চিবোতে থাকুন।
২) হেভি রিচ খাবার খাওয়ার পর আমল কী খান, বদহজম হবে না।
৩) পাতি লেবু, পুদিনা পাতা এবং লবণ মিশ্রিত জল খেলে পেট ঠাণ্ডা থাকবে।
৪) কচি ডাবের জল বদ হজম কমাতে সাহায্য করে।
৫) এক গ্লাস জলে এক টেবিল চামচ ভিনেগার মিশিয়ে খান, হজমের সমস্যা থেকে দূরে থাকবেন।

৬) এক কাপ চিনি ছাড়া ঠাণ্ডা দুধ তেল মশলা জাতীয় খাবার খাওয়ার পর পান করুন, বুকজ্বালা, বা অ্যাসিডিটি থাকবে আপনার থেকে দূরে।
৭) এক টেবিল চামচ জিরে খাওয়ার পর মুখে দিয়ে চিবোলে মুখে লালারস বাড়িয়ে তোলে। যা হজমে সহায়তা করে।
তাই, পুজোর দিনগুলিতে নির্দ্বিধায় মাছ-মাংস-বেগুনী কিংবা কচি পাঁঠার ঝোলে দিন চুমুক যত ইচ্ছে, তাতে ক্ষতি নেই। শুধু সঙ্গে রাখুন উপরোক্ত উপাদানগুলি।


















