পুরাতন মালদায় যুবকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে উত্তেজনা, পথ অবরোধে বাসিন্দারা

পুরাতন মালদায় যুবকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে উত্তেজনা, পথ অবরোধে বাসিন্দারা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


মালদা – এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়াল পুরাতন মালদা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের চালিশা পাড়া এলাকায়। ঘটনাকে ঘিরে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করেন। এর জেরে কিছু সময়ের জন্য অবরুদ্ধ হয়ে পড়ে ওল্ড মালদাগামী রাস্তা এবং এলাকায় যান চলাচল ব্যাহত হয়।
মৃত যুবকের নাম সিকান্দার আলী (৩৫)। তাঁর বাড়ি চালিশা পাড়াতেই। পরিবারে রয়েছেন মা ও এক বোন। পরিবারের অভিযোগ, রবিবার দুপুরে এলাকায় একটি স্থানে মদ্যপানের উদ্দেশ্যে গেলে পুলিশ তাঁকে ধাওয়া করে আটক করে থানায় নিয়ে যায়। এরপরই পরিস্থিতির অবনতি ঘটে।
কিছুক্ষণের মধ্যেই যুবকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে এলাকায়। পরিবার ও স্থানীয়দের দাবি, থানার মধ্যেই তাঁর মৃত্যু হয়েছে। তাঁদের অভিযোগ, ঘটনাটি ধামাচাপা দিতে প্রথমে অসুস্থতাজনিত কারণ দেখিয়ে হাসপাতালে নিয়ে গিয়ে মৃত্যু ঘোষণা করানোর চেষ্টা করা হয়। যদিও পুলিশের তরফে এখনও পর্যন্ত এই অভিযোগের বিষয়ে বিস্তারিত কোনও সরকারি প্রতিক্রিয়া মেলেনি।
ঘটনার প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে এলাকা। দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান বাসিন্দারা। পরিস্থিতি সামাল দিতে এলাকায় বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়দের দাবি, সিকান্দার আলী এলাকায় জনপ্রিয় যুবক ছিলেন। তাঁর আকস্মিক মৃত্যু মেনে নিতে পারছেন না কেউই। দীর্ঘ আলোচনা ও আশ্বাসের পর অবরোধ ওঠে, তবে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় এখনও চাপা উত্তেজনা বিরাজ করছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top