পুলিশের বিরুদ্ধে মন্তব্যে বিতর্ক, নোটিস পেলেন অশোক দিন্দা

পুলিশের বিরুদ্ধে মন্তব্যে বিতর্ক, নোটিস পেলেন অশোক দিন্দা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


পূর্ব মেদিনীপুর – বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক উত্তাপ বাড়ছে রাজ্যে। এই আবহেই পুলিশের বিরুদ্ধে প্রকাশ্য মঞ্চ থেকে বিতর্কিত মন্তব্য করে চাপে পড়লেন অশোক দিন্দা, যিনি বর্তমানে ময়না কেন্দ্রের বিজেপি বিধায়ক। পূর্ব মেদিনীপুরে এক সভামঞ্চ থেকে তিনি অভিযোগ করেন, মাছের গাড়ি থেকে নিয়মিত টাকা তোলে পুলিশ। এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। ইতিমধ্যেই ময়না থানায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে পুলিশ এবং নোটিস পাঠিয়ে তলব করা হয়েছে বিধায়ককে।
পূর্ব মেদিনীপুরের ময়না এলাকা পশ্চিমবঙ্গের অন্যতম বৃহৎ মৎস্য উৎপাদন কেন্দ্র হিসেবে পরিচিত। রাজ্যের মাছের চাহিদার একটি বড় অংশ এই অঞ্চল থেকেই পূরণ হয়। বিজেপির অভিযোগ, এই মৎস্য হাব এলাকায় যাতায়াত করা মাছবাহী গাড়ি থেকে পুলিশ অর্থ আদায় করে। অশোক দিন্দার সেই বক্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তা পুলিশের নজরে আসে এবং দ্রুত পদক্ষেপ করা হয়।
সভামঞ্চ থেকে দিন্দা দাবি করেন, সন্ধ্যার পর স্কুটিতে করে পুলিশ দাঁড়িয়ে থাকে এবং প্রতিটি মাছের গাড়ি থেকে ১০০ থেকে ২০০ টাকা নেওয়া হয়। এমনকি সেই অর্থের একটি অংশ থানায় এবং বাকি অংশ পুলিশ সুপারের কাছে যায় বলেও তিনি অভিযোগ তোলেন। যদিও তাঁর এই দাবির পক্ষে কোনও তথ্যপ্রমাণ সামনে আসেনি। পুলিশের তরফে জানানো হয়েছে, এ ধরনের মন্তব্য গোটা দফতরের সম্মানহানিকর এবং আইন মেনেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
পূর্ব মেদিনীপুর জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিতুন দে জানান, আদালতের অনুমতি নিয়েই বিধায়ককে নোটিস পাঠানো হয়েছে। তাঁর কথায়, পুলিশ সর্বদা সম্মানের সঙ্গে কাজ করার চেষ্টা করে এবং ভিত্তিহীন অভিযোগ মেনে নেওয়া যায় না। তবে নোটিস পেলেও নির্ধারিত দিনে হাজিরা দেননি অশোক দিন্দা। জানা গিয়েছে, আইনজীবীর মাধ্যমে সময় চেয়ে চিঠি পাঠানো হয়েছে।
ঘটনাকে ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে চাপানউতোর শুরু হয়েছে। নির্বাচনের মুখে এই বিতর্ক কতদূর গড়ায়, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top