পেট্রোল-ডিজেল নিয়ে আতঙ্কের প্রয়োজন নেই, দেশে পর্যাপ্ত মজুত রয়েছে: কেন্দ্রের আশ্বাস

পেট্রোল-ডিজেল নিয়ে আতঙ্কের প্রয়োজন নেই, দেশে পর্যাপ্ত মজুত রয়েছে: কেন্দ্রের আশ্বাস

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


দেশ – এলপিজি নিয়ে টানাপড়েন চললেও পেট্রোল ও ডিজেল নিয়ে আতঙ্কের কোনও কারণ নেই বলে জানাল কেন্দ্রীয় সরকার। আরব দুনিয়ায় চলমান সংঘাতের প্রেক্ষিতে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হলেও দেশে পর্যাপ্ত মজুত রয়েছে বলে আশ্বস্ত করেছে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক। নাগরিকদের উদ্দেশে সতর্কবার্তাও দেওয়া হয়েছে—আতঙ্কে জ্বালানি মজুত করা বা আলগা পাত্রে পেট্রোল-ডিজেল সংগ্রহ করা বিপজ্জনক, তাই তা এড়িয়ে চলা উচিত।
শনিবার জারি করা নির্দেশিকায় মন্ত্রক জানিয়েছে, দেশের বিভিন্ন প্রান্তের খুচরো জ্বালানি বিক্রয়কেন্দ্রগুলিতে পর্যাপ্ত পরিমাণ পেট্রোল ও ডিজেল মজুত রয়েছে। গুজবে কান না দিয়ে স্বাভাবিক নিয়মেই জ্বালানি সংগ্রহের পরামর্শ দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ (X) দেওয়া পোস্টে বলা হয়েছে, দেশের সমস্ত খুচরো বিক্রয়কেন্দ্রে পেট্রোল ও ডিজেল যথেষ্ট পরিমাণে রয়েছে। একই সঙ্গে অনিরাপদ পাত্রে জ্বালানি না নেওয়ার অনুরোধ জানানো হয়েছে, কারণ এতে গুরুতর নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে।
সরকারি এই সতর্কবার্তার পেছনে একটি নির্দিষ্ট ঘটনা রয়েছে। জানা গিয়েছে, তামিলনাড়ুর একটি পেট্রোল পাম্পে আলগা পাত্রে পেট্রোল দেওয়া হচ্ছিল, যা নিরাপত্তা বিধি লঙ্ঘনের সামিল। বিষয়টি নজরে আসার পর সংশ্লিষ্ট পেট্রোল পাম্পের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ওই খুচরো বিক্রয়কেন্দ্রের লাইসেন্স আপাতত স্থগিত করা হয়েছে এবং প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপও নেওয়া হয়েছে। একই সঙ্গে দেশের সব জ্বালানি বিক্রেতাকে নিরাপত্তা বিধি কঠোরভাবে মানার নির্দেশ দেওয়া হয়েছে।
পশ্চিম এশিয়ায় সংঘাতের আবহে হরমুজ প্রণালী নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এই গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ দিয়ে বিশ্বজুড়ে তেল পরিবহণের বড় অংশ হয়ে থাকে। যুদ্ধ পরিস্থিতির জেরে কিছু জায়গায় আতঙ্কে পেট্রোল-ডিজেল কেনার প্রবণতাও দেখা যায়। তবে কেন্দ্র স্পষ্ট জানিয়েছে, দেশে জ্বালানির মজুত পর্যাপ্ত রয়েছে এবং সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে। গুজব বা যাচাই না করা তথ্যের উপর নির্ভর না করে নাগরিকদের স্বাভাবিক ব্যবহার বজায় রাখার অনুরোধ করা হয়েছে।
এলপিজি সরবরাহ নিয়েও সরকার আশ্বস্ত করেছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনার কারণে সাম্প্রতিক সময়ে কিছু উদ্বেগ তৈরি হলেও পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। ভারতগামী এলপিজি বোঝাই দুটি ট্যাঙ্কার ইতিমধ্যেই হরমুজ প্রণালী অতিক্রম করেছে। এর মধ্যে একটি জাহাজ ‘শিবালিক’ নিরাপদে প্রণালী পার হয়েছে এবং অন্যটি ‘নন্দা দেবী’ও সফলভাবে যাত্রা সম্পন্ন করেছে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে। এই জাহাজে বিপুল পরিমাণ এলপিজি রয়েছে, যা দেশের সরবরাহ শৃঙ্খলকে স্থিতিশীল রাখতে সহায়তা করবে।
সরকারি সূত্রের দাবি, এসব পদক্ষেপের ফলে ভারতের জ্বালানি সরবরাহ ব্যবস্থা আপাতত স্থিতিশীল রয়েছে। ফলে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই বলে পুনরায় জানানো হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top