কোচবিহার -নির্বাচনী প্রচার সেরে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়লেন শীতলকুচি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী Sabitri Barman। সূত্রের খবর, Cooch Behar জেলার মাথাভাঙ্গা মহকুমার শিকারপুর এলাকার কাছে এই দুর্ঘটনা ঘটে। জানা গিয়েছে, প্রচার শেষে ফেরার সময় উল্টো দিক থেকে আসা একটি ট্রাক আচমকা প্রার্থীর গাড়ির সামনে চলে আসে। সেটিকে এড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার ধারের নয়ানজুলিতে উল্টে পড়ে যায়।
দুর্ঘটনায় গুরুতর আহত হন সাবিত্রী বর্মণ। তাঁকে দ্রুত উদ্ধার করে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। এই ঘটনায় তাঁর গাড়িচালকও গুরুতরভাবে আহত হয়েছেন এবং তিনিও চিকিৎসাধীন।
ঘটনার পর Bharatiya Janata Party-র তরফে রাজনৈতিক ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ করা হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে মাথাভাঙ্গা থানার পুলিশ দ্রুত হাসপাতালে পৌঁছে পরিস্থিতির খোঁজখবর নেয় এবং ঘটনার তদন্ত শুরু করেছে।
হাসপাতাল থেকে সাবিত্রী বর্মণ জানান, উল্টো দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি লরি আচমকা তাঁদের গাড়ির সামনে চলে আসে। গাড়িচালক সেটিকে এড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারান, যার ফলে গাড়িটি পাশের খালে পড়ে যায়। বিজেপির কোচবিহার জেলা সহ-সভাপতি বিরাজ বোস জানান, সারাদিনের প্রচার শেষে বাড়ি ফেরার সময়ই এই দুর্ঘটনা ঘটে। বর্তমানে প্রার্থী ও তাঁর চালক দু’জনেই চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।



















