দেশ – প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারি নীতি ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দেশের তরুণ প্রজন্মের মতামতকে আরও বেশি গুরুত্ব দেওয়ার ওপর জোর দিলেন। বৃহস্পতিবার নিজের বাসভবনে বিভিন্ন মন্ত্রকের সচিবদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী নির্দেশ দেন, দেশের ভবিষ্যৎ নীতি নির্ধারণে বিশ্ববিদ্যালয় এবং যুব সমাজের সঙ্গে সরকারি দফতরগুলির যোগাযোগ আরও বাড়াতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, তরুণ প্রজন্মের নতুন ও ভিন্নধর্মী দৃষ্টিভঙ্গি সরকারের কাজের পদ্ধতিকে আরও আধুনিক ও কার্যকর করে তুলতে পারে। তাই নীতি নির্ধারণের ক্ষেত্রে যুব সমাজের চিন্তাভাবনা এবং পরামর্শকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন রয়েছে।
পরিকাঠামো, জাতীয় নিরাপত্তা, পররাষ্ট্রনীতি এবং প্রশাসনিক ব্যবস্থার উন্নতির মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়েই মূলত এই বৈঠকে আলোচনা হয়। প্রধানমন্ত্রী শীর্ষ আধিকারিকদের শুধুমাত্র তাৎক্ষণিক সমস্যা বা হিসাব-নিকাশের মধ্যে সীমাবদ্ধ না থেকে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করার পরামর্শ দেন।
প্রশাসনিক কাজ যাতে বিভিন্ন দফতরের আলাদা আলাদা গণ্ডির মধ্যে আটকে না থাকে, সেদিকেও বিশেষ নজর দেওয়ার নির্দেশ দেন তিনি। আধিকারিকদের নিজেদের দায়িত্বের পূর্ণ মালিকানা নেওয়ার পাশাপাশি দলগতভাবে কাজ করার মানসিকতা গড়ে তোলার কথাও বলেন প্রধানমন্ত্রী।
কোভিড-১৯ মহামারী এবং সাম্প্রতিক বিভিন্ন আন্তর্জাতিক সংকটের উদাহরণ তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, কঠিন পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন দফতর এবং সংস্থার মধ্যে সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের উন্নয়নের ক্ষেত্রেও একইভাবে সমন্বয় ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার প্রয়োজন রয়েছে বলে তিনি উল্লেখ করেন।



















