চেন্নাই
প্রয়াত হলেন দেশের অন্যতম প্রবীণ জহুরি তথা ঐতিহাসিক ‘সেঙ্গল’-এর অন্যতম কারিগর ভুমিদি ইতিরাজ। বুধবার চেন্নাইয়ে ৯৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন।
এক্স হ্যান্ডেলে শোকবার্তা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্মরণ করেছেন ঐতিহাসিক সেঙ্গলের সঙ্গে ইতিরাজের অবদানের কথা। ভারতের স্বাধীনতার সময় দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর হাতে তুলে দেওয়া হয়েছিল এই সেঙ্গল। সেটি নির্মাণের সঙ্গে যুক্ত ছিলেন ভুমিদি ইতিরাজ। প্রধানমন্ত্রী লেখেন, তামিলনাড়ুর এক বিশিষ্ট পরিবারের সন্তান ইতিরাজ স্বাধীন ভারতের হাতে প্রথম হস্তান্তরিত ঐতিহাসিক সেঙ্গলের অন্যতম কারিগর হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবেন।
২০২৩ সালে নতুন সংসদ ভবনে সেঙ্গলকে বিশেষ মর্যাদার সঙ্গে স্থাপন করার প্রসঙ্গও তুলে ধরেন প্রধানমন্ত্রী। সেই সময় ইতিরাজের সঙ্গে সাক্ষাতের সুযোগ হয়েছিল বলে জানান তিনি। দেশের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি তাঁর অবদানের জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, ইতিরাজের জীবন ও শিল্পকলা ভারতের গৌরবময় ঐতিহ্য এবং জাতীয় ইতিহাসের সঙ্গে এক গভীর যোগসূত্র তৈরি করেছিল।
ইতিরাজের প্রয়াণে শোকসন্তপ্ত পরিবারের সদস্য এবং তাঁর গুণমুগ্ধদের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী। ঐতিহাসিক সেঙ্গলের নির্মাণে তাঁর অবদান ভারতের স্বাধীনতার ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে থাকবে।




















