রাজ্য – কংগ্রেসের বর্ষীয়ান নেতা ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ কালমাদি প্রয়াত হলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। সূত্রের খবর, ভোর ৩টা ৩০ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরেই তিনি শয্যাশায়ী ছিলেন বলে জানা গিয়েছে।
সুরেশ কালমাদি কেন্দ্রীয় সরকারের রেল প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। পাশাপাশি তিনি ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের (আইওএ) প্রাক্তন সভাপতি ছিলেন। রাজনীতি ও ক্রীড়া প্রশাসন—দুই ক্ষেত্রেই তাঁর দীর্ঘ ও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
রাজনৈতিক জীবনে তিনি তিনবার রাজ্যসভার এবং তিনবার লোকসভার সাংসদ নির্বাচিত হন। কংগ্রেসের সংগঠন ও সংসদীয় রাজনীতিতে তাঁর সক্রিয় উপস্থিতি দীর্ঘদিন ধরে লক্ষ্য করা গিয়েছে। জাতীয় পর্যায়ে ক্রীড়া প্রশাসনের সঙ্গেও বহু বছর যুক্ত ছিলেন তিনি।
সূত্র মারফত জানা গিয়েছে, বয়সজনিত অসুস্থতার কারণে তাঁকে পুনের দীনানাথ মঙ্গেশকর হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। প্রবীণ কংগ্রেস নেতার অফিসের তরফে আনুষ্ঠানিকভাবে তাঁর মৃত্যুসংবাদ জানানো হয়েছে।
সুরেশ কালমাদির প্রয়াণে রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। কংগ্রেসসহ বিভিন্ন রাজনৈতিক দল ও বিশিষ্টজনেরা তাঁর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন।




















