বিনোদন – কলকাতা হাইকোর্ট অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়-এর ব্যক্তিত্ব ও ছবি ব্যবহারের অধিকার রক্ষায় অন্তর্বর্তী নির্দেশ দিয়েছে। অভিনেতা অভিযোগ করেছিলেন, ‘মশালা মামাজি’ নামে এক সংস্থা তাঁর অনুমতি ছাড়া তাঁর ছবি ব্যবহার করে পণ্য বিক্রি করছে। এমনকি কিছু ছবি Artificial Intelligence-এর মাধ্যমে তৈরি করা হয়েছিল।
বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায় বলেছেন, চুক্তি ছাড়া অভিনেতার ছবি ব্যবহার করলে তাঁর ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে। সংস্থাটিকে সেই ছবি ব্যবহার বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। আদালত উল্লেখ করেছে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় টলিউডের প্রথম সারির অভিনেতা এবং তাঁর ব্যক্তিত্বের অধিকার রক্ষা করা জরুরি।
অন্তর্বর্তী নির্দেশ আগামী ২৭ মার্চ পর্যন্ত বলবৎ থাকবে। প্রসেনজিৎ অভিযোগ করেন, সংস্থার সঙ্গে তাঁর কোনও চুক্তি নেই এবং তাঁর ছবি ব্যবহার করায় সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদ, কপিরাইট অ্যাক্ট এবং স্পেসিফিক রিলিফ অ্যাক্ট লঙ্ঘন হচ্ছে। আদালত সতর্ক করেছেন, এই ধরনের অননুমোদিত ব্যবহার অব্যাহত থাকলে অভিনেতার আরও ক্ষতি হতে পারে।




















