রাজ্য – রাজ্যের প্রাথমিক স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মীদের ‘সারপ্লাস’ বা উদ্বৃত্ত বদলি আপাতত করা যাবে না বলে অন্তর্বর্তী নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বুধবার বিচারপতি বিভাস পট্টনায়েকের এজলাসে এই সংক্রান্ত মামলার শুনানিতে আদালত জানায়, রাজ্য সরকার নতুন স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুযায়ী তথ্য সংগ্রহ এবং প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া চালিয়ে যেতে পারবে, তবে সেই ভিত্তিতে আপাতত কোনও শিক্ষক বা শিক্ষাকর্মীকে বদলি করা যাবে না।
আদালত আরও স্পষ্ট করেছে, শিক্ষকরা বদলির জন্য আবেদন জমা দিতে পারবেন। কিন্তু মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সেই আবেদন অনুযায়ী বদলির নির্দেশ কার্যকর করা যাবে না। আগামী বুধবার এই মামলার পরবর্তী শুনানি হবে।
ছাত্র-শিক্ষক অনুপাতের ভারসাম্য বজায় রাখার লক্ষ্যে গত ১৫ ও ২৪ জুলাই দুই দফায় ‘সারপ্লাস’ বদলি সংক্রান্ত এসওপি প্রকাশ করেছিল রাজ্য সরকার। ২০০৯ সালের শিক্ষার অধিকার আইন অনুযায়ী, প্রতি ৩০ জন পড়ুয়ার জন্য একজন শিক্ষক থাকা আদর্শ অনুপাত হিসেবে নির্ধারিত। কিন্তু রাজ্যের বহু স্কুলে সেই অনুপাত বজায় নেই বলেই সরকারের দাবি।
অন্যদিকে, মামলাকারী শিক্ষকদের অভিযোগ, বদলির ক্ষেত্রে বয়স, কর্মজীবনের অভিজ্ঞতা এবং অগ্রাধিকার নির্ধারণে একাধিক অস্পষ্টতা রয়েছে। এই কারণে বিভ্রান্তি তৈরি হয়েছে বলে দাবি করে তাঁরা আদালতের হস্তক্ষেপ চান। সেই প্রেক্ষিতেই আপাতত বদলি প্রক্রিয়ায় স্থগিতাদেশ দিয়ে পরবর্তী শুনানির দিন ধার্য করেছে কলকাতা হাইকোর্ট।




















